নেইমারের হাতেই 'ব্যালন ডি'অর' দেখেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের হাতে ভবিষ্যতে ব্যালন ডি অ’র দেখছেন মেসি। ছবি: এএফপি
নেইমারের হাতে ভবিষ্যতে ব্যালন ডি অ’র দেখছেন মেসি। ছবি: এএফপি

নিজে তো জিতেছেন চার-চারবার। ব্যালন ডি’অর পুরস্কারটা তাঁর কাছে নতুন আর কিছু নয়। লিওনেল মেসি এখন স্বপ্ন দেখেন তাঁর খুব প্রিয় এক সতীর্থ একদিন ফিফা বর্ষসেরার পুরস্কারটা নিজের করে নেবে। সেই ‘প্রিয় সতীর্থ’ আর কেউ নয়, নেইমার। নিজের যোগ্যতা দিয়েই যে নেইমার এই পুরস্কারটা ভবিষ্যতে নিজের করবেন, এ বিষয়ে খুব একটা সন্দেহ নেই আর্জেন্টাইন তারকার।
ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘নেইমার একজন গ্রেট ফুটবলার। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে উন্নতি করছে নিয়মিতভাবে। ভবিষ্যতে ব্যালন ডি’অর পুরস্কারটা যে তাঁর হাতেই উঠবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’
এক মৌসুম আগে বার্সেলোনায় এলেও এই মৌসুমেই নেইমারকে অনেক বিস্তারিতভাবে জেনেছেন মেসি। ব্যক্তি নেইমারকে ‘দারুণ ছেলে’ হিসেবে অভিহিত করে মেসি বলেন, ‘এই মৌসুমে কেন যেন নেইমারকে অনেক ভালো বুঝতে পারছি। এই মৌসুমে নেইমারের বিচরণটা মাঝমাঠে অনেকটা কেন্দ্রীভূত হওয়ায় আমাদের মধ্যে বোঝাপড়াটা বেড়ে গেছে। এমনিতেই নেইমার ব্যক্তিগতভাবে দারুণ একটা ছেলে।’
নেইমারের সঙ্গে নিজের দারুণ যুগলবিন্দি মেসিকে দারুণ তৃপ্তি দিচ্ছে। আর এই যুগলবন্দির মূল কৃতিত্বটা তিনি দিয়েছেন কোচ লুইস এনরিকেকে, ‘লুইস আমাকে মাঠে অনেক স্বাধীনতা দিয়েছে। সে বলে দিয়েছে আমি খেলার সময় মাঠের যেকোনো জায়গায় থাকতে পারি। এর ফলে আমি খুব সহজেই মাঠে নেইমারকে খুঁজে নিতে পারছি।’
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই বলে আবারও জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি আসলে আমার খেলাটা খেলি, আমি আমার দলের হয়ে খেলি। আমার কী দরকার অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার?’