নেইমারের হ্যাটট্রিক, মেসির '৪০০'

ম্যাচ শেষে বলটা নিজের কাছে রেখে দিলেন নেইমার। তা তিনি রেখেই দিতে পারেন! রাখার মতো কীর্তিই গড়েছেন। অনন্য এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসিও। নেইমারের হ্যাটট্রিকের দিনে বার্সেলোনা ফরোয়ার্ড ছুঁয়েছেন ৪০০ গোলের রেকর্ড। দুই মহাতারকার যুগলবন্দিতে গ্রানাডা উড়ে গেছে ৬-০ ব্যবধানে।
মালাগার কাছে মৌসুমে প্রথম পয়েন্ট খুইয়ে আজ ন্যু ক্যাম্পে গ্রানাডার বিপক্ষে ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়ল বার্সা। ২৬ মিনিটে গ্রানাডা ডিফেন্ডার বাবিনের পায়ের ফাঁক দিয়ে দারুণ কৌশলে জালে বল চালান করে দিলেন নেইমার। ৪৩ মিনিটে মেসির অসাধারণ ক্রসে দারুণ এক হেডে ইভান রাকিতিচির গোল। বিরতির ঠিক আগ মুহূর্তে মেসি বল বাড়িয়ে দিলেন মুনির এল হাদ্দাদিকে। কিন্তু গ্রানাডা গোলরক্ষক রবার্তোর সঙ্গে ধাক্কা লেগে ভূপাতিত মুনির। বল চলে গেল নেইমারের পায়ে। বুলেট গতির শটে গোল!
বিরতির আগে ৩-০। গোল করাচ্ছেন কিন্তু গোল পাচ্ছেন না মেসি-এমন আফসোস তখন সমর্থকদের চোখেমুখে। বিরতির পর বিষয়টির ‘সুরাহা’ করলেন মেসি। ৬২ মিনিটে দানি আলভেজের ক্রসটি দারুণ এক হেডে জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। ব্যস, ৪০০ তম গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে গেল। আর্জেন্টিনা অধিনায়কের কীর্তির দিনে নেইমারের হ্যাটট্রিকই বা বাদ যাবে কেন? মেসির সহায়তায় ৬৬ মিনিটে সেটাও হয়ে গেলে। এ যেন সোনায় সোহাগা! ৮২ মিনিটে আবারও মেসি। সব মিলিয়ে গ্রানাডার জালে বার্সার হাফ ডজন গোল।
এ জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে বার্সা। স্টার স্পোর্টস ২।