নেইমারের 'চ্যাম্পিয়ন' রাকিতিচ-এমবাপ্পে দুজনই

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালেই। কিন্তু নেইমার তাঁর দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে আর ইভান রাকিতিচকে কিন্তু ফাইনালের জন্য শুভকামনা জানাতে ভোলেননি
ক্রোয়াট তারকা ইভান রাকিতিচ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ক্যারিয়ারে দুজনের সঙ্গেই খেলেছেন নেইমার। রাকিতিচ তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ, এমবাপ্পে বর্তমান দল পিএসজির। দুজনের জন্যই নেইমারের রয়েছে ভালোবাসা। সেটিই বোঝা গেল ইনস্টাগ্রামে ব্রাজিলীয় তারকার একটি পোস্টে। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি তাঁর দুই বন্ধুর জন্যই নেইমারের থাকছে শুভকামনা।
ফাইনালে এমবাপ্পে-রাকিতিচ দুজনকেই তিনি পরামর্শ দিয়েছেন মুহূর্তটা পুরোপুরি উপভোগের, ‘কিলিয়ান আর ইভান, বন্ধুরা, আমি জানি বিশ্বকাপের এই পর্যায়ে আসতে তোমরা কত কষ্ট করেছ। এই সময়টা উপভোগ করো। আনন্দ করো। আমি দারুণ গর্বিত তোমাদের দুজনকে নিয়েই। তোমাদের অর্জনে তোমাদের দেশের মানুষ যে কত খুশি, সেটি দেখেও আমি আনন্দিত।’
তবে নিজের ব্যর্থতার আক্ষেপটাও কিন্তু ফুটে উঠেছে নেইমারের ইনস্টাগ্রাম পোস্টে, ‘আমি স্বীকার করি তোমাদের যে কারও সঙ্গে এই ম্যাচটা খেলতে পারলে আমি খুব খুশি হতাম। এবার সেটি হয়নি। আশা করি, ২০২২ সালের কাতার বিশ্বকাপে আমার সেই সাধ পূর্ণ হবে।’
দুই বন্ধুকেই ‘চ্যাম্পিয়ন’ হিসেবে দেখছেন নেইমার, ‘এটি যে বিশ্বকাপ ফাইনাল, এতে জিততেই হবে—এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলো। তোমরা দুজনই চ্যাম্পিয়ন। এমন মুহূর্ত তো বারবার আসে না। ফুটবল বিশ্বের উচিত তোমাদের এই অর্জনে গর্বিত হওয়া।’