নেইমারের 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের ছেড়ে দে মা বাঁচি অবস্থা! ছবি: এএফপি।
নেইমারের ছেড়ে দে মা বাঁচি অবস্থা! ছবি: এএফপি।

ধরুন আপনার খুব ভালো একজন বন্ধু আপনাকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। আপনি সেই নিমন্ত্রণ রক্ষার্থে বন্ধুর বাড়িতে গেলেন, আড্ডা মারলেন, খানাপিনাও হলো। কিন্তু এর সঙ্গে বোনাস হিসেবে আপনাকে যদি এমন কিছুর মুখোমুখি হতে হয়, যা আপনি পছন্দ করেন না, তাহলে আপনার কেমন লাগবে? ব্রাজিলীয় তারকা নেইমারকেও সম্প্রতি ঠিক একই অবস্থায় ফেলেছিলেন বার্সা ও ব্রাজিলে তাঁর সতীর্থ দানি আলভেজ।

এমনিতে নেইমার-আলভেজ দুজনেই খুব ভালো বন্ধু। ন্যু ক্যাম্পে এই দুজনকে রীতিমতো ‘মানিকজোড়’ উপাধিই দিয়ে দেওয়া হয়েছে। মাঠের বাইরে অবসর সময়টা তাঁরা একসঙ্গেই কাটান। কিন্তু তাই বলে আলভেজ নেইমারকে ‘মানসিক যন্ত্রণা’র মধ্যে ফেলবেন, এটা তো মেনে নেওয়া যায় না!

এবার আসা যাক মূল ঘটনায়। কিছুদিন আগেই নেইমার ও রাফিনহাকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন আলভেজ। ধুন্ধুমার খানাপিনা চলল। কিন্তু এর পরই পিয়ানো নিয়ে বসে গেলেন আলভেজ। দাওয়াত খেয়েছেন বলেই কিনা, আলভেজের পিয়ানো একটু শোনার চেষ্টা করলেন নেইমার। কিন্তু সেটা একসময় চলে গেল রীতিমতো অত্যাচারের পর্যায়ে। বেসুরো বাজনা বাজিয়ে চলেছেন আলভেজ আর বিরক্তিতে নেইমার-রাফিনহা কানে গুঁজে দিচ্ছেন দুই হাতের আঙুল। এমন একটি ভিডিও পোস্ট করা হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। আলভেজের পিয়ানোর সুর ছিল এতটাই ঝাঁঝালো, এতটাই ‘কুৎসিত’। বন্ধুর এই পিয়ানোর অভিজ্ঞতা-অর্জনের পর টুইটারে সেই অনুভূতি প্রকাশ না করে থাকতে পারেননি নেইমার। বলেছেন, ‘মাঝেমধ্যে বন্ধুত্বও অত্যাচারের পর্যায়ে চলে যায়। সম্প্রতি আলভেজের পিয়ানো আমাকে সেই অভিজ্ঞতার মুখোমুখিই দাঁড় করিয়ে দিয়েছিল।’