নেইমারের 'হাফ সেঞ্চুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জার্সিতে ৫০তম ম্যাচ উপলক্ষে এ বলটি উপহার পেলেন নেইমার। ছবি: এফসিবার্সেলোনাডটকম
বার্সার জার্সিতে ৫০তম ম্যাচ উপলক্ষে এ বলটি উপহার পেলেন নেইমার। ছবি: এফসিবার্সেলোনাডটকম

সান্তোসে থাকতেই আলো ছড়িয়েছিলেন নেইমার। সে আলো ঠিকরে পড়ল আটলান্টিকের ওপারেও। ইউরোপের নামজাদা ক্লাবগুলো হাত বাড়াল ব্রাজিলীয় ফরোয়ার্ডের দিকে। কিন্তু শেষমেশ বিজয় হলো বার্সেলোনারই। অবশ্য কাতালান জায়ান্টদের ডেরায় নাম লেখানোর পেছনে নেইমারের নিজের পছন্দও গুরুত্ব পেয়েছিল। দেখতে দেখতে বার্সার জার্সিতে ৫০ ম্যাচ খেলে ফেললেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। শনিবার রাতে এবারের বিপক্ষে ৫০তম ম্যাচ স্মরণীয় করে রেখেছেন দলের দ্বিতীয় গোলটি করে।
২০১৩ গ্রীষ্মের দল বদলে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোতে বার্সায় নাম লেখান নেইমার। যদিও চুক্তির অঙ্কটা নিয়ে নানা বিতর্ক আছে। বার্সার জার্সিতে অভিষেক অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-এর স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে। এ পর্যন্ত খেলেছেন ৩৩টি লিগ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে ১২, স্প্যানিশ ক্যাপে ৩ ও স্প্যানিশ সুপার কাপে ২টি ম্যাচ। চার প্রতিযোগিতায় গোল করেছেন ২৪টি । সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির সঙ্গে জুটিটাও বেশ জমে উঠেছে নেইমারের। গোল পাচ্ছেন নিয়মিতই।
তবে ব্রাজিলীয় ফরোয়ার্ডকে বার্সায় আনাটা পছন্দ হয়নি ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের। নেইমারকে যখন বার্সেলোনা কিনেছেই, এখন তবে মেসিকে বিক্রি করে দিক—এমন মন্তব্য করে আলোচিতও হয়েছিলেন তিনি। সাবেক এ বার্সা কোচের যুক্তি, ‘এক বনে দু্ই বাঘ বাস করতে পারে না!’ কিন্তু মেসি-নেইমার যেন ক্রুইফের ধারণা ‘ভুল’ প্রমাণ করে চলেছেন। ‘দুই বাঘ’ এখন একসঙ্গেই হামলে পড়ছে, নিয়মিত ত্রাস ছড়াচ্ছে প্রতিপক্ষের রক্ষণে! সূত্র: এফসিবার্সেলোনাডটকম।