নেইমারেরই প্রাপ্য ব্যালন ডি'অর, দাবি মেসির 'প্রতিপক্ষে'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির সর্বনাশের সুযোগে ব্যালন ডি’অরটা ছিনিয়ে নেবেন নেইমার? ফাইল ছবি
মেসির সর্বনাশের সুযোগে ব্যালন ডি’অরটা ছিনিয়ে নেবেন নেইমার? ফাইল ছবি

আর মাত্র মাস খানেকই বাকি। জানুয়ারির ১১ তারিখে জুরিখে ঘোষিত হয়ে যাবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম। তবে অত দিন পর্যন্ত ‘কে জিতবে’ এ নিয়ে জল্পনা-কল্পনা থামার কোনো লক্ষণই নেই। কেউ না কেউ প্রতিদিনই নিজের মতামত জানিয়ে দিচ্ছেন—কার হাতে দেখতে চান ব্যালন ডি’অর!

জল্পনা-কল্পনায় নিজের ভাবনা নিয়ে হাজির হলেন ব্রাজিলের ক্লাব ভিলা নোভার স্ট্রাইকার ওয়েন্ডেল লিরা। এবং তাঁর ভোট যাচ্ছে স্বদেশি নেইমারের বাক্সেই। কারণটাও ব্যাখ্যা করেছেন, একটু অন্য রকমই বটে, বার্সা সতীর্থ লিওনেল মেসির চোটের কারণে পিছিয়ে পড়েছেন। ওই দুই মাস দুর্দান্ত খেলেছেন নেইমার। এ কারণে ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার এখন নেইমার।

ভাবছেন লিরাটা আবার কে? ওর কথাও কেন শুনতে হবে? সে ক্ষেত্রে জেনে রাখুন, এই লিরাও আছেন ফিফার বর্ষসেরার মনোনয়ন তালিকায়। সেটাও মেসির সরাসরি প্রতিপক্ষ হয়েই। লিরা আছেন বছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকায়। সেখানেও মনোনয়ন পেয়ে মেসির একটি গোল। লিরার মতো মেসিও কিন্তু পুসকাস পুরস্কার এখনো জেতেননি, যদিও চারবার ব্যালন ডি’অর জেতা হয়ে গেছে তাঁর।

তবে নিজের পুরস্কার নয়, লিরাকে কথা বলতে হলো সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের নিয়ে। তাতে নেইমারকেই এগিয়ে রাখছেন ২৬ বছর বয়সী ভিলা নোভা স্ট্রাইকার, ‘নেইমারই হওয়া উচিত। মেসি চোটে পড়ে বাইরে ছিল। আর ক্রিস্টিয়ানোও এই মুহূর্তে ঠিক সেরা ফর্মে নেই।’ অবশ্য শুধু এ সময়টার কথা বললেও লিরা মনে করছেন, বছরজুড়েই নেইমারের পারফরম্যান্স ভালো ছিল, যা তাঁকে বর্ষসেরার পুরস্কার এনে দিতে পারে।


মেসিহীন সময়টাতে ১০ ম্যাচে নেইমার ১০ গোল করেছেন, সঙ্গে সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন ৬টি। বার্সাও খেলেছে ব্রাজিল ফরোয়ার্ডকে কেন্দ্র করেই। তবে ব্যাপার হচ্ছে, পুরস্কারটা পুরো বছরের পারফরম্যান্সের জন্য।

তাতে বার্সাকে ট্রেবল জেতানোর পেছনে নেইমারের বড় ভূমিকা থাকলেও, মূল নেতা হয়ে ছিলেন মেসিই। সঙ্গে আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় রানার্সআপ করার পুরস্কার হিসেবে বাজির দরে অনেকটাই এগিয়ে আছেন মেসি।
অবশ্য এসব তর্ক এখন অনেকটা শুধু তর্কের খাতিরেই করা। ভোট তো হয়েই গেছে। এখন শুধু অপেক্ষার পালা, নিজেদের মধ্যে বিতর্ক করার পালা। তথ্যসূত্র: গোলডটকম।