নেইমার-এমবাপ্পে জুটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

দলের মুখ হবে এমন একজন ফরাসি তারকাকে পিএসজি খুঁজছে অনেক দিন ধরে। ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের চেয়ে ভালো আর তা কে হতে পারে! ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে আসার আগে এমবাপ্পেকে পেতে চেয়েছিল ফ্রান্সের রাজধানীর ক্লাবটি। সম্প্রতি এমবাপ্পেও পিএসজিতে খেলার আগ্রহের কথা বলেছেন। দুইয়ে দুইয়ে চার মিলে গেছে। পিএসজির সমর্থকেরা এখন আশায় আছেন কবে তাঁরা প্রিয় দলের আক্রমণভাগে দেখবেন নেইমার-এমবাপ্পে স্বপ্নের জুটিকে।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার পরশুর প্রতিবেদন এই আশার পালে দিয়েছে জোর হাওয়া। প্যারিস সেন্ট জার্মেইয়ের নতুন খেলোয়াড় এমবাপ্পে—বোমা ফাটানো এক খবর দিয়েছে পত্রিকাটি। মোনাকোর ১৮ বছর বয়সী স্ট্রাইকারকে আনতে পিএসজি ১৮ কোটি ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭১৮ কোটি টাকা খরচ করছে বলেও জানায় পত্রিকাটি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান আরেকটু এগিয়ে লিখেছে, আগামী পরশু এমবাপ্পেকে আনুষ্ঠানিক উন্মোচন করবে পিএসজি। অথচ কিছুদিন আগেই এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বানিয়ে দিয়েছিল মার্কা ! গত মৌসুমে মোনাকোর হয়ে ৪৪ ম্যাচ খেলে ২৬ গোল করা এমবাপ্পেকে কিনতে রিয়ালও নাকি এই দাম দিতেই রাজি হয়েছিল। তাহলে রিয়াল কেন হঠাৎই আগ্রহ হারিয়ে ফেলল এমবাপ্পের ওপর থেকে? সেটির মূলে নাকি তাঁর চাওয়া বেতন। এমবাপ্পে সাপ্তাহিক বেতন চেয়েছিলেন দুই লাখ ইউরো, অর্থাৎ ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকা। এত বেতন দিতে চায়নি রিয়াল।

স্প্যানিশ রেডিও কোপেকে বলেছে, এমবাপ্পের পিএসজিতে যাওয়ার সর্বসাম্প্রতিক খবরে রিয়াল তাঁকে অভিনন্দনই জানিয়ে রেখেছ, ‘অভিনন্দন, প্যারিসে তোমার জন্য শুভকামনা রইল!’ এদিকে ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, এমবাপ্পে এখনো মোনাকোরই আছেন, পিএসজির সঙ্গে মোনাকোর কোনো আলোচনা হয়নি। পিএসজির সূত্র জানিয়েছে, এমবাপ্পের জন্য এত অর্থ দিতে চায় না তারা।

আগামীকাল লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে গেঁগাঁর মাঠে যাবে পিএসজি। গতকাল প্যারিসে এক সংবাদ সম্মেলনে কোচ উনাই এমেরি এমবাপ্পের প্রসঙ্গে কথা বলেছেন কূটনৈতিক চালে, ‘আগামী কয়েক দিনে কী হবে, তা আমি জানি না। তবে এখন পর্যন্ত সে মোনাকোর খেলোয়াড়।’ এটা ঠিক যে দলবদলের বাজারে আগামী দিন কী হবে, সেটা বলা মুশকিল। দৃশ্যপট প্রতিদিনই পাল্টায়। তবে পিএসজির এমবাপ্পেকে পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায় হতে পারে ফিফার আর্থিক সদাচরণ নীতি। নেইমারকে ২ হাজার ১০৬ কোটি টাকায় দলে নিয়ে পিএসজি এই নীতি ভাঙল কি না, এরই মধ্যে সেই প্রশ্ন উঠেছে। শুধু নেইমারের পেছনে ব্যয় হওয়া টাকাটা ‘হালাল’ করতেই অন্তত দু-তিনজন খেলোয়াড় বিক্রি করতে হবে ক্লাবটিকে। মার্কা, লেকিপ।