নেইমার-সুয়ারেজের বেতন বাড়াতেই ঝামেলায় মেসির চুক্তি?

সময় আছে, আবার নেইও। ২০১৮ সালের জুনে শেষ হয়ে যাবে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি। যে চুক্তিটা নিয়ে দিনকে দিন জটিলতা বাড়ছেই। এবার তো জানা গেল, বার্সা চাইলেও খুব সহজে মেসির বেতন বেশি বাড়াতে পারবে না। তাতে বাদ সাধছে নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে করা বার্সার নতুন চুক্তি।
লা লিগার নিয়ম হলো, কোনো ক্লাব তাদের মোট বাজেটের ৭০ শতাংশের বেশি খেলোয়াড়দের বেতনের পেছনে ব্যয় করতে পারবে না। নেইমার ও সুয়ারেজের নতুন চুক্তিতে তাঁদের দুজনের বেতনই বেশ বেড়েছে। আর এতে ৭০ শতাংশ ব্যয়ের কাছাকাছি চলে এসেছে বার্সা। মেসির সঙ্গে নতুন চুক্তি করার সময় তাঁর বেতন বেশি বাড়াতে গেলেই সীমানাটা পেরিয়ে যাবে। আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে চুক্তির আগে তাই তাঁর বেতন বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছে বার্সেলোনা। গত মৌসুমের স্প্যানিশ লিগ জয়ী দলটির প্রধান নির্বাহী অস্কার গারু সবাইকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন, ‘মেসির চুক্তি নবায়ন নিয়ে আমরা কঠিন পরিশ্রম করছি। এটা ঠান্ডা মাথায় ভাবতে হবে।’
মেসি বহুবার বলেছেন, ক্যারিয়ারের শেষ বার্সেলোনাতেই করতে চান। সময়ের অন্যতম সেরা খেলোয়াড়কে হারাতে চায় না বার্সাও, ‘আমরা চুক্তির কাজ সম্পন্ন করতে উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত, উপায় একটা ঠিকই বের করে ফেলব আমরা। দলে থাকা সেরা খেলোয়াড়টিকে চলে যেতে দেওয়াটা হবে বোকামি।’ একটি সমাধান অবশ্য মাথায় এসেছে গারুর। ২০২১ সালের মধ্যে বার্ষিক আয় বাড়িয়ে যদি ১০০ কোটি করা যায় তাহলে মেসির বেতন অনেক বাড়াতে আর বাঁধা থাকবে না। সূত্র: গোল।