নেতা রোনালদোর জাদুমন্ত্রেই এডারের গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এদেরের আচমকা গোল জেতাল পর্তুগালকে। ছবি: এএফপি
এদেরের আচমকা গোল জেতাল পর্তুগালকে। ছবি: এএফপি

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত বসে ছিলেন ডাগ-আউটে। ক্রিস্টিয়ানো রোনালদোর অনতিদূরে। রোনালদো নিজে কান্নাভেজা চোখ নিয়ে বেশ আগে ফিরেছেন মাঠ ছেড়ে। কাঁদবেনই তো, ফাইনালের মতো একটা ম্যাচের পুরোটা থাকতে পারলেন না। চোট আগেই তুলে দিল তাঁকে। কিন্তু রোনালদোর এই চোট একদিক দিয়ে পর্তুগালের জন্য শাপে বর হয়েছে। ডাগ-আউটের বাকিরা রোনালদোকে পেয়েছেন কাছে থেকে।
এঁদেরই একজন এডার, যিনি কাল অতিরিক্ত সময়ে ২৫ গজ দূর থেকে করা আচমকা শটে জিতিয়েছেন পর্তুগালকে। আর ম্যাচ শেষে এডার জানিয়েছেন, মাঠে নামার আগে অধিনায়ক রোনালদো তাঁর কানে কানমন্ত্র দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি জানি, তুই-ই পর্তুগালকে জেতানো গোলটা করবি।’ নেতা রোনালদোর অনুপ্রেরণাতেই এমন গোল, জানিয়েছেন এডার।
দিমিত্রি পায়েতের মারাত্মক ট্যাকলের কারণে হাঁটুর চোট নিয়ে ডাগ-আউটে ফিরতে হয়েছিল রোনালদোকে। ম্যাচের বাকিটা সময় কেটেছে উত্কণ্ঠায়। নিজে মাঠে থেকে দলকে নেতৃত্ব দিতে না পারার অসহায় আকুতি ধরা পড়ছিল চোখে-মুখে। কিন্তু ৯০ মিনিট শেষে নেতা রোনালদো সতীর্থদের জ্বালাময়ী একটা উজ্জীবনী ভাষণ দেন। তাতেই যেন বদলে গেলেন এডার। দলের প্রথম পছন্দের খেলোয়াড়ই ছিলেন না যিনি, তাঁর নামই উঠে গেল পর্তুগালের ইতিহাসে চিরদিনের জন্য। পর্তুগালের প্রথম ট্রফি তো জেতালেন তিনিই! ফ্রান্সেরই দল লিলের হয়ে খেলা এই স্ট্রাইকারকে ভুলবে কী করে পর্তুগিজরা!
ম্যাচের শেষে আলোটা কেড়ে নেওয়া এই ২৮ বছর বয়সী বলেছেন, ‘রোনালদো আমাকে বলেছিল, আমিই করব জয়সূচক গোলটি। এটা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। গোলটা আমারই, কিন্তু এটা পুরো দলের সম্মিলিত চেষ্টার ফসল। আক্রমণটা শানানোর সময় আমরা সবাই মিলে দুর্দান্ত ছিলাম।’
একাদশে ব্রাত্য হয়ে থাকা খেলোয়াড়টিকেই এখন মাথায় তুলে নিচ্ছে সবাই। এডার জানালেন, তিনি জানতেন সুযোগ আসবেই, ‘সবাই এখন অভিনন্দন জানাচ্ছে। দারুণ লাগছে। যখন ইউরোতে ডাক পেলাম, জানতাম আমার সুযোগ আসবেই। ফার্নান্দো সান্তোস (কোচ) আমার সক্ষমতা সম্পর্কে জানেন। তিনি আমাকে বিশ্বাস করেছেন।’
কোচের প্রতিও তাই কৃতজ্ঞতার শেষ নেই এডারের। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ তিনি রোনালদোর কাছেই!