নেতৃত্ব চান রুনি

তিন সিংহের ছাপ দেওয়া জার্সি আর কখনো পরবেন না স্টিভেন জেরার্ড। হঠাৎ করেই তাই শূন্য ইংল্যান্ডের অধিনায়কের পদ।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত মৌসুম শেষে ইন্টার মিলানে পাড়ি দিয়েছেন নেমানিয়া ভিদিচ। মৌসুম শুরুর আগে তাই নতুন অধিনায়ক খুঁজছে ইংলিশ এই পরাশক্তিও।
দুই জায়গাতেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে একজনের নাম খুব জোরেশোরে শোনা যাচ্ছে—ওয়েইন রুনি। দেশ এবং ক্লাব দুটির নেতৃত্বই কী পাবেন ইংলিশ স্ট্রাইকার?
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রুনির কথাই সবচেয়ে বেশি বলেছেন জেরার্ড। তবে সেপ্টেম্বরের আগে যেহেতু আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, নতুন অধিনায়কের নাম ঘোষণার জন্য কিছুটা সময় পাবেন ইংল্যান্ড কোচ রয় হজসন। ইউনাইটেডের ক্ষেত্রে অবশ্য সেটি হচ্ছে না। শিগগিরই হয়তো নতুন অধিনায়কের নাম জানাবেন ইউনাইটেড কোচ লুই ফন গাল। সেটা বুঝেই কি না ক্লাবকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছের কথাও আগেভাগে জানিয়ে রাখলেন রুনি।
ইউনাইটেডের অধিনায়ক হওয়ার দৌড়ে প্রার্থী অবশ্য আরও একজন আছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ডাচ কোচের অধিনায়ক ছিলেন রবিন ফন পার্সি। ক্লাবেও সেই প্রিয় ছাত্রকেই ফন গাল অধিনায়ক হিসেবে বেছে নিতে পারেন বলে একটা গুঞ্জন আছে। তবে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের ওয়েবসাইটের সঙ্গে প্রথম সাক্ষাৎকারেই ফন গাল বলেছিলেন, কাকে অধিনায়ক করবেন এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে আসেননি তিনি। বরং কিছুদিন সবাইকে অনুশীলনে দেখার পর নতুন অধিনায়ক বেছে নেবেন।
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফন গাল অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন ড্যারেন ফ্লেচারের হাতে। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা খুব কম। নিজের দলকে নেতৃত্ব দেওয়ার আগ্রহ রুনির থাকলেও শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তকেই সম্মান জানাতে চান। তাঁর কথা, ‘অবশ্যই আমি অধিনায়ক হতে চাই। তবে এ সিদ্ধান্তটা কোচের। তিনি খেলোয়াড়দের আরও কিছুদিন দেখে সিদ্ধান্ত নেবেন। আমি কখনোই মনে করি না যে তিনি এসেই একজনকে অধিনায়ক বানিয়ে দেবেন। সবাইকে দেখার পর হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন।’
শেষ পর্যন্ত নেতৃত্ব পান না-পান, কোচ ফন গালে কিন্তু এরই মধ্যে মুগ্ধ রুনি। নতুন কোচের অধীনে ইউনাইটেডকে অনেক দিন পর চিরাচরিত ছক ভেঙে একেবারে নতুন ছকে খেলতে হচ্ছে। এলএ গ্যালাক্সির বিপক্ষে সেই ছকে সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসও বেড়ে গেছেন রুনিদের। গত মৌসুমের ব্যর্থতা ভুলে তাই নতুন কোচের অধীনে এই মৌসুমটা সাফল্যময় হবে বলে প্রত্যাশা তাঁর, ‘কোচ হিসেবে ফন গাল অসাধারণ। খুব বেশি দিন হয়নি, আমরা কিন্তু তাঁর অধীনে অনুশীলন খুব উপভোগ করছি। গত মৌসুম আমাদের ভালো কাটেনি। সেসব ভুল এবার শোধরাতে পারব বলে আশাবাদী। বিশ্বাস করি, এই মৌসুমে আমরা শিরোপা জিততে পারব।’ গোলডটকম, ইয়াহু স্পোর্টস।