নেদারল্যান্ডস কোচের দায়িত্ব ছাড়লেন ফ্রাঙ্ক ডি বোয়ের

ইউরোয় ডাচদের কোচ পদে ছিলেন ফ্রাঙ্ক ডি বোয়ের।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হারের দুই দিন পর নেদারল্যান্ডস কোচের দায়িত্ব ছেড়েছেন ফ্রাঙ্ক ডি বোয়ের।

গত বছর রোনাল্ড কোমান বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে তাঁর স্থলাভিষিক্ত হন ডি বোয়ের। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) জানিয়েছে, ফেডারেশনের সঙ্গে কথা বলেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এ ডিফেন্ডার।

গ্রুপ পর্বে ৫১ বছর বয়সী এ কোচের হাত ধরে সব কটি ম্যাচ জিতে শেষ ষোলোয় উঠে এসেছিল নেদারল্যান্ডস। তখন তাদের ফেবারিট মনে করা হলেও শেষ ষোলোয় চেকদের কাছে হারের পর ডি বোয়ের চাপে পড়বেন, তা মোটামুটি জানাই ছিল।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘ডি বোয়ের জানিয়েছেন, তিনি আর কোচের পদে থাকতে চান না। দুই পক্ষের চুক্তিতেও বলা ছিল, অন্তত (ইউরোয়) কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হবে। চুক্তিপত্র নবায়ন করা হবে না।’

ইউরোর শেষ ষোলো থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস।
ছবি: রয়টার্স

গত বছরের ২৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ডি বোয়ের। ২০২২ সালের শেষ পর্যন্ত মেয়াদের চুক্তিপত্রে সই করেন তিনি। আজ দায়িত্ব ছাড়ার পর তাঁর বিবৃতি প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন, ‘কোচ হিসেবে আর থাকতে চাই না। লক্ষ্য অর্জিত হয়নি। বিষয়টি তাই পরিষ্কার। ২০২০ সালে জাতীয় দলের কোচের প্রস্তাব পাওয়ার পর ভেবেছিলাম, কাজটা হবে সম্মানের ও চ্যালেঞ্জের। তবে দায়িত্ব পাওয়ার পর চাপ নিয়েও ধারণা ছিল। চাপটা ক্রমে বাড়ছে, যা আমার জন্য ভালো নয়। এমনকি দলের জন্যও নয়, যখন বিশ্বকাপ বাছাইপর্বে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।’

ডাচদের দায়িত্ব পাওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম কোচ হিসেবে প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখতে ব্যর্থ হন বোয়ের। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলা সাবেক এ ফুটবলারের সঙ্গে এমনিতেই চুক্তি নবায়ন করত ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন, যদি তাঁর দল অন্তত ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠতে পারত।

খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ডি বোয়ের বলেছেন, ‘সমর্থক ও খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই। ম্যানেজমেন্টকেও ধন্যবাদ, তারা অনেক উঁচু মানের ক্রীড়া-পরিবেশ তৈরি করতে পেরেছেন।’

নেদারল্যান্ডস জাতীয় দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও ডি বোয়েরকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ডাচ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রাঙ্ক ডি বোয়ের। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।’