নেদারল্যান্ডসের ইউরোজয়ী অধিনায়কের কণ্ঠে বর্ণবাদের অভিযোগ
রুড খুলিত নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছেন ১৯৯৪ সালে। সে বছরই নেদারল্যান্ডস দলে এডগার ডেভিডসের অভিষেক। অল্প কয়েকটি ম্যাচ দুজনে একসঙ্গে খেলেছেন কমলা জার্সি পরে। খুলিতের সাবেক সেই সতীর্থ ডেভিডস নেদারল্যান্ডস দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়ায় খুশি তিনি। কিন্তু এই আনন্দের মধ্যেও একটা দুঃখ জেগে উঠেছে খুলিতের মনের কোণে। সেটা ডাচ ফুটবলের বর্ণবাদ নিয়ে। তাঁর মতে, নেদারল্যান্ডস জাতীয় দলে কৃষ্ণাঙ্গ কোচদের কোনো মূল্য নেই!
হেলডেন ম্যাগাজিনে খুলিত বলেছেন, ‘আপনারা তাকে নিয়ে এসেছেন, এটা ভালো। তবে সব সময়ই আপনারা কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের শুধু সহকারী কোচ হিসেবেই নিচ্ছেন।’ এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন প্যাটট্রিক ক্লাইভার্ট। কিন্তু তাঁকে কতটুকু ভূমিকা রাখতে দেওয়া হয়েছে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন খুলিত, ‘প্যাটট্রিক ক্লাইভার্টকে কী করতে দেওয়া হয়েছে? তাকে কি অনুশীলন করাতে দেওয়া হতো? আমি জানি না।’
হাস হেঙ্ক ফ্রেসারের উদাহরণও টেনেছেন খুলিত। ডাচ দলে ডিক অ্যাডভোকাটের সঙ্গে কিছুদিন কাজ করেছেন খুলিতও। কিন্তু সেই সময় তিনিও স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেননি বলেই উল্লেখ করেছেন খুলিত, ‘অ্যাডভোকাট তো বুঝিয়ে দিয়েছেন, আমাকে তাঁর কোনো প্রয়োজন নেই।’ তবে এটা সত্য যে ২০২০ সালে অ্যাডভোকাট খুলিতকে জাতীয় দলের কোচ করার পরামর্শ দিয়েছিলেন।
তিনবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলা নেদারল্যান্ডস এখন পর্যন্ত একটিই আন্তর্জাতিক শিরোপা জিতেছে। ১৯৮৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ–জয়ী ডাচদের অধিনায়ক ছিলেন খুলিত। ফাইনালে সোভিয়েত ইউনিয়নের (এখন রাশিয়া) বিপক্ষে ২–০ গোলের জয়ে প্রথম গোলটি ছিল খুলিতের। দ্বিতীয় গোলটি করেছিলেন মার্কো ফন বাস্তেন। ১৯৯০ সালে একবারই দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন খুলিত।
ক্লাব ক্যারিয়ারে এসি মিলানের কিংবদন্তি খুলিত আরও খেলেছেন চেলসি, সাম্পদোরিয়া, পিএসভি আইন্দোভেন, ফেইনুর্ড ও এইচএফসি হারলিমের জার্সিতে। খেলা ছাড়ার পর নেদারল্যান্ডসের সহকারী কোচ ছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, ফেইনুর্ড, লা গ্যালাক্সি ও তেরেক গ্রনজির কোচের। নেদারল্যান্ডসের হয়ে ১৯৮১ থেকে ১৯৯৪ পর্যন্ত ৬৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৪টি। ক্লাব ক্যারিয়ারে ৪৭০ ম্যাচে ১৭৪ গোল তাঁর। এর মধ্যে এসি মিলানের হয়ে ১২৫ ম্যাচে তাঁর গোল ৩৮। পিএসভির হয়ে ৪৬ ম্যাচে ৬৮টি গোল করেছিলেন এই ডাচ তারকা।