নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের রক্ষণে এভাবে বারবারই ঢুকে পড়েছে বাংলাদেশের কিশোরীরা। মেতে উঠেছে গোল উৎসবে। কাল দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে l বাফুফে
নেপালের রক্ষণে এভাবে বারবারই ঢুকে পড়েছে বাংলাদেশের কিশোরীরা। মেতে উঠেছে গোল উৎসবে। কাল দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে l বাফুফে

টেলিফোনের ওই প্রান্তে শুধুই উচ্ছ্বাস। বাংলাদেশের কিশোরীরা আনন্দ করছে, গান গাইছে। জয়ের আনন্দে গুছিয়ে কথা বলতে পারছেন না কোচ গোলাম রব্বানী ছোটনও। পুরো দলই তখন যাচ্ছে দুশানবে থেকে ৪০ কিলোমিটার দূরের আলমোসি একাডেমি স্টেডিয়ামে। উদ্দেশ্য—তাজিকিস্তান বনাম কিরগিজস্তান ম্যাচটি মাঠে বসে দেখা। একটু আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মেয়েদের দল ৯-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে উঠেছে সেমিফাইনালে। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও ৩ গোল। গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ তাজিকিস্তান, তাদের ম্যাচটি তাই মাঠে বসে দেখাটা জরুরি। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনালই হবে আগামীকাল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ড্র করলেই সেমিফাইনাল—এই সমীকরণ সামনে রেখে কাল দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হয় নেপালের। কিন্তু ড্র নয়, দাপুটে জয়েই শেষ চার নিশ্চিত করেছে তারা। হ্যাটট্রিক করেছে মার্জিয়া ও আনুচিং। এই জয়ের সুবাদে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ।
বাংলাদেশ কাল তৃতীয় মিনিটেই এগিয়ে যায় অধিনায়ক মার্জিয়ার গোলে। ১৫ ও ৬৮ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছে ময়মনসিংহের কলসিন্দুরের এই মেয়ে। ১৮, ২৯ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পেয়ে গেছে আনুচিংও। ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা কালও করেছে দুই গোল, তার গোল দুটি এসেছে ৬২ ও ৬৫ মিনিটে। সাজেদা গোল করেছে ৩৪ মিনিটে।
কোচ গোলাম রব্বানী ছোটন নেপালের বিপক্ষে এমন বড় জয়ই আশা করেছিলেন, ‘গ্রুপ পর্বের ভারত-নেপালের ম্যাচটি দেখেই বুঝেছিলাম এই ম্যাচে আমরা বিশাল ব্যবধানে জিতব। মেয়েরা আমার পরিকল্পনা অনুসারে খেলেছে। পুরো ম্যাচেই আমাদের আধিপত্য ছিল। এই জয়ের সব কৃতিত্ব মেয়েদের।’