নেপালে অসুস্থ বাংলাদেশের স্ট্রাইকার মিরাজ

মিরাজ মোল্লার নামটা মনে থাকারই কথা। অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ী ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশকে গ্রুপ সেরা করেছিল এই স্ট্রাইকার। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছে মিরাজ। বাংলাদেশ পেয়েছে ৮-০ গোলের বড় জয়। তৃতীয় স্থানের শিরোপা নিয়ে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু দলের সঙ্গে আসতে পারেনি টুর্নামেন্টে মোট চার গোল করা মিরাজ।
দলের সঙ্গে বিমানবন্দরেও এসেছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী। পরে তাকে বিমানবন্দর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় তার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম। পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ মিরাজকে বিমান ভ্রমণ না করার পরামর্শ দেয়। ফলে নেপালে রয়ে গেছে সে। তার সঙ্গে আছে বাংলাদেশ দলের ম্যানেজার অমিত খান শুভ্র। দু-এক দিনের মধ্যেই দেশে ফেরার কথা তাদের।