নেপালের বিপক্ষে এলো স্বস্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর সোহেল রানার বাঁধভাঙা উল্লাস। ছবি: শামসুল হক
গোলের পর সোহেল রানার বাঁধভাঙা উল্লাস। ছবি: শামসুল হক

এক বছর আগে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হারের লজ্জা নিতে হয়েছিল বাংলাদেশ জাতীয় দলকে। আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে দশজন জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ নেপাল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে সেই হারের প্রায়শ্চিত্ত করেছে এশিয়াডগামী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। খেলার দ্বিতীয়ার্ধে সোহেল রানা দেশের পক্ষে একমাত্র গোলটি করেন।
এশিয়ান গেমসের প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত এই ম্যাচ শেষ পর্যন্ত আর প্রীতিম্যাচ হয়ে থাকেনি। কাদা মাঠে গা জোয়ারি ফুটবল আর রেফারির নানা সিদ্ধান্তে নেপালি দলের বারবার ফুঁসে ওঠার মধ্য দিয়ে সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে এই ম্যাচের গুরুত্ব। বাংলাদেশের দুই ডাচ কোচও খেলোয়াড়দের চোট-টোটের কথা চিন্তা না করে পূর্ণ শক্তির দল মাঠে নামিয়ে প্রমাণ করেছেন নেপালের বিপক্ষে আগের হারের প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্খার কথা। আর্মি স্টেডিয়ামেও জয় দেখতে উদগ্রীব ফুটবলপ্রেমী দর্শকদের ভিড় শেষ অবধি এই ম্যাচকে নিছক প্রস্তুতির গণ্ডিতে আটকে রাখেনি।
বাংলাদেশ দল দর্শকদের একেবারে হতাশ করেনি। থেমে থেমে হওয়া সারা দিনের বৃষ্টিতে কাঁদায়-পানিতে মাখামাখি বনানির আর্মি স্টেডিয়ামের মাঠে যেখানে মোটামুটি মানের ফুটবলও অসম্ভব ছিল, সেখানে অধিনায়ক মামুনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিজেদের উজার করেই দিয়েছে। খেলার শুরু থেকেই জয়ের তীব্র আকাঙ্খায় নেপালি দলের ওপর ঝাপিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধেই কমপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার সুযোগও এসে গিয়েছিল বাংলাদেশের সামনে। ৭ মিনিটেই মামুনুলের বাঁকানো ফ্রি-কিক নেপালের গোলমুখে পড়লে তপু হেড করে বল ফেলেন তকলিচের সামনে। তাঁর গড়ানো শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। তকলিচের পাশাপাশি হেমন্ত ভিনসেন্টও নষ্ট করেন ভালো একটা সুযোগ।
প্রথমার্ধে মাঠে খুঁজেই পাওয়া যায়নি নেপাল দলকে। প্রথম ৪৫ মিনিটের প্রায় পুরোটা সময়ই বল পায়ে মাঠে রাজত্ব করেছে বাংলাদেশ। কিন্তু যা হয় আর কি, যোগ্য একজন স্ট্রাইকারের অভাবটাই এসব ক্ষেত্রে প্রকট হয়ে ওঠে।
দ্বিতীয়ার্ধে নেপাল কিছুটা গা ছাড়া দিয়ে উঠেছিল। তারাও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়ে যায় বাংলাদেশের রক্ষণের ভুলে। তবে গোলপোস্টে দাঁড়ানো গোলরক্ষক রাসেলের দৃঢ়তায় সেগুলো থেকে কোনো অঘটন ঘটেনি। কিছু দিন আগে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন ম্যাচে বাংলাদেশের রক্ষণের দুর্ভলতা যেভাবে প্রকট হয়ে দেখা দিয়েছিল, আজ অতোটা না হলেও রক্ষণের দুর্বলতা মাঝে-মধ্যে উঁকিও দিয়েছে। এশিয়ান গেমসে এই রক্ষণই বাংলাদেশকে ভোগাতে পারে বলে মনে হচ্ছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রাপ্ত কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন এই মৌসুমটা ঘরোয়া ফুটবলে দারুণ খেলা সোহেল রানা। দ্বিতীয়ার্ধের বাকিটা সময়ও খেলা ছিল মোটামুটি বাংলাদেশেরই নিয়ন্ত্রণে। এই সময় নেপাল কয়েকটি আক্রমণে উঠে আসলেও গোল হওয়ার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে গোলের খেলা ফুটবলে শেষ পর্যন্ত সোহেল রানার সেই গোলই জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। এই জয় যেন শাপমোচন হয়ে ওঠে এক বছর আগে কাঠমান্ডুর সেই অপ্রত্যাশিত হারের।
আগামী ২৯ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।