নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলের মতো গুরুত্বপূর্ণ মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না তা কী করে হয়! কোচ মারুফুল হক একটা ম্যাচ চেয়েছেন ২০ ডিসেম্বর কেরালা যাওয়ার আগে। কিন্তু জাতীয় দলকে ম্যাচ অনুশীলন দেওয়ার মতো দল দেশে এ মুহূর্তে তৈরি নেই। বাফুফে নেপালের সঙ্গে যোগাযোগ করেছে। নেপাল রাজি।
কিন্তু তারা ঢাকায় ৬ দিন থেকে ২১ ডিসেম্বর এখান থেকেই সাফে খেলতে কেরালা যেতে চায়। ছয় দিন থাকলে বাফুফের খরচ হবে প্রায় ২০ লাখ টাকা। এত টাকা একটা ম্যাচের জন্য খরচ করতে চায় না বাফুফে। তবে নেপালকে ‘না’ বলা হয়নি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানালেন, ‘নেপাল এক-দুই দিন থেকে চলে যেতে রাজি হলে একটা ম্যাচ আমরা ঢাকায় আয়োজন করব। সেটা হতে পারে ১৭ ডিসেম্বর। কিন্তু ছয় দিন ওদের রাখা সম্ভব নয়। তারপরও আমরা ওদের সঙ্গে আবার কথা বলে দেখি।’ নেপাল গিয়ে ম্যাচটা খেলে আসতে পারে বাংলাদেশ। সেই সুযোগ থাকলেও কোচ মারুফ এ মুহূর্তে দেশের বাইরে গিয়ে ‘সময় নষ্ট’ করতে চান না। নেপালের সঙ্গে ম্যাচটা না হলে কোনো অনুশীলন ম্যাচ ছাড়াই সাফে খেলতে যাবে বাংলাদেশ।
ওদিকে গতকাল জামাল ভূঁইয়ার উত্তরার হাসপাতাল ছেড়ে বিকেএসপিতে ফিরে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। অথচ সাত দিন পার হয়েছে। তাঁর আবার হালকা জ্বর আসায় চিকিৎসকেরা বাড়তি এক দিন রেখে দিয়েছেন।