
জয়ের আশায় নেমে শেষ পর্যন্ত হার এড়িয়ে ড্র। এর মধ্যে তৃপ্তি খোঁজার কিছু নেই নিশ্চয়ই! বাংলাদেশ দলের জন্যও তেমন কিছু বরাদ্দ থাকেনি এই সন্ধ্যায়। বরং টানা দ্বিতীয় ম্যাচটি জিতে বঙ্গবন্ধু কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে না পারাটা স্বাগতিকদের জন্য হতাশারই।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল রানা। খেলা না দেখলে যে কেউ ভেবে নিতে পারেন, ম্যাচটা বোধ হয় ‘মালয়েশিয়া একাদশ’ বনাম বাংলাদেশ গোলরক্ষক হয়েছে! কিন্তু ক্রিকেটের স্কোরকার্ড যেমন সব কথা বলে না, এই ম্যাচসেরার পুরস্কারটিও ঠিক তেমন।
এটা ঠিক আশরাফুল দারুণ খেলেছেন, প্রথম ১০ মিনিটেই অসাধারণ দুটি সেভ তাঁর। বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করতে পারাটা ছিল সত্যিই দেখার মতো। ৩৩ মিনিটে আহমদ সাইমিমের বাঁকানো ফ্রি-কিকটাও রুখে দিয়েছেন। তিনটি সেভের ধরন প্রায় একই রকম। কিন্তু সত্যি বলতে প্রথমার্ধের দুর্দান্ত আশরাফুলকে আর তেমন বড় পরীক্ষা দিতে হয়নি দ্বিতীয়ার্ধে।
তবু আশরাফুল ম্যাচসেরা কারণ প্রথমার্ধে যেভাবে খেলছিল মালয়েশিয়ার দলটি, তিনি প্রাচীর হয়ে না দাঁড়ালে ওই অর্ধেই ম্যাচ শেষ হয়ে যেতে পারত। গোলরক্ষকের বীরত্বেই আসলে একটা পয়েন্ট অন্তত পাওয়া গেছে। সেমিফাইনালের দৌড়ে তা ভালোভাবেই রেখেছে ২ ম্যাচে ৪ পয়েন্ট তোলা বাংলাদেশকে। নেপালের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে ড্র না জয় দরকার, সেটি অবশ্য অন্য ম্যাচের ওপর নির্ভর করবে।
কালকের ড্রয়ে মারুফুল হক বাহবা পেতে পারেন। নড়বড়ে সোহেলের জায়গায় আশরাফুলকে কাল একাদশে রেখে সময়ের দাবিই যেন মেটালেন বাংলাদেশের কোচ। কিন্তু গোলরক্ষক আর কতক্ষণ আটকাবেন! ৫৬ মিনিটে ডান দিকে জামিয়ানের ক্রস বল বাতাসে থাকতেই হাদিনের নিচু শট জালে। আশরাফুল নড়াচড়ারও সুযোগ পাননি।
তখন পর্যন্ত বাংলাদেশ দল প্রতিপক্ষে পোস্টে ভালো একটা শট নিতে পারেনি। তাই শঙ্কা জাগছিল মালয়েশিয়া সুপার লিগে গতবারে পঞ্চম হওয়া ফেল্ডা ইউনাইটেডের কাছে না হেরে আবার ব্যর্থতার বৃত্তে ঢুকে পড়েন মামুনুলরা!
কিন্তু শেষ পর্যন্ত হারের লজ্জাটা এড়ানো গেছে! গোল খেয়ে অন্তত ফলপ্রসূ কিছু করার চেষ্টা দেখা গেছে। ৭৩ মিনিটে জাহিদ গোলের ঠিকানা লেখা একটা পাস বের করলেন, যেটিতে পা ছুঁইয়ে ১-১ করেন একটু আগেই বদলি হিসেবে মাঠে নামা মিঠুন চৌধুরী। প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ পেয়েই গোল—মিঠুন ১০০ মিটার স্প্রিন্ট দৌড়েই যেন জার্সি খুলে আনন্দ করলেন।

ওই একটা গোল ছাড়া বাংলাদেশ দলের আক্রমণভাগের ব্যর্থতাই বারবার চোখে লেগেছে। দুই পাশে জাহিদ ও শাখাওয়াত রনি, মাঝখানে জীবন। কিন্তু আগের দুটি ম্যাচে ৪ গোল করা শাখাওয়াত সুবিধা করতে পারেননি। বক্সের ওপর থেকে বাইরে মেরে নিজেই হতাশ। জীবনও কামড় বসাতে পারলেন না মালয়েশিয়া দলটির রক্ষণে, তাঁকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলেই নিতে হলো।
তবে সবাইকে ছাপিয়ে জাহিদ যা করলেন, তাঁর নিজের কাছেই ভালো লাগার কথা নয়। মামুনুলের একটা ডিফেন্স চেরা বলে পা-ই লাগাতে ব্যর্থ। কর্নার থেকে আসা বল মারলেন পোস্টের ওপর দিয়ে, যেন ছক্কা হাঁকালেন! ফ্রি-কিক নিয়েই মাটিতে পড়ে গেলেন, বল গেল বারের অনেক ওপর দিয়ে।
অথচ মালয়েশিয়ার খেলোয়াড়দের শটগুলো ছিল বেশ নিখুঁত। বল নিয়ন্ত্রণ ও তাদের পাসিং ফুটবলও দৃষ্টি কেড়েছে। তার ফসল দলটি আগেই ঘুরে তুলতে পারত, বাংলাদেশের ক্রসবার একবার যদি তাদের গোলবঞ্চিত না করত।
ম্যাচের আগে-পরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আতশবাজির একটু রোশনাই দেখা গেল। কিন্তু দল জয় না পাওয়ায় মনে হয় না দর্শকদের কেউই সেটি উপভোগ করতে পেরেছেন।
বাংলাদেশ দল: আশরাফুল রানা, ইয়াসিন, নাসির উদ্দিন, নাসিরুল, ওয়ালী (রায়হান), জামাল, মামুনুল, জাহিদ, হেমন্ত (মিঠুন), শাখাওয়াত, জীবন (জুয়েল রানা)।