নেশায় মত্ত লিভারপুল তারকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপথে স্টার্লিং! এ নিয়ে কথা বলতে হয়েছে ব্রেন্ডন রজার্সকেও। ছবি : রয়টার্স
বেপথে স্টার্লিং! এ নিয়ে কথা বলতে হয়েছে ব্রেন্ডন রজার্সকেও। ছবি : রয়টার্স

‘নেশা লাগিল রে...’ হাসন রাজার গানটা জানার কথা নয় লিভারপুল স্ট্রাইকার রাহিম স্টার্লিংয়ের। তবে তাঁর বর্তমান কাণ্ড-কীর্তির সঙ্গে গানটা যে খুব মানিয়ে যায়! গত সোমবারই নিউক্যাসলের বিপক্ষে পেয়েছেন গোল। দল জিতেছে ২-০ ব্যবধানে। আলোচনা হওয়ার কথা তাঁর মাঠের পারফরম্যান্স নিয়ে। অথচ কী কাণ্ড দেখুন, তিনি আলোচনায় মাদকের জন্য! লিভারপুল তারকাকে দু-দুইবার দেখা গেছে ‘নেশায় চূর’ হতে!

প্রথমবার দেখা গেল সিসা পাইপ দিয়ে ধোঁয়া নিচ্ছেন; সে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর রেশ না কাটতেই দেখা গেল, কমলা রঙের একটা বেলুনের মাধ্যমে নাইট্রাস অক্সাইড (লাফিং গ্যাস) নিচ্ছেন স্টার্লিং। এরপর বেসামাল হয়ে তাঁকে হাসতে দেখা গেছে। জেনে থাকবেন, নাইট্রাস অক্সাইড মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে বাধাগ্রস্ত করে। ব্যবহারকারী নিজেকে খুব হালকা মনে করেন এবং এ সময়ে হতবুদ্ধি হয়ে যেতে হয়। স্টার্লিংয়ের নাইট্রাস অক্সাইড নেওয়ার ছবি প্রকাশ হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘সানে’। এরপরই তুমুল হইচই।
এমন কাণ্ডে মোটেও ছাড় পাচ্ছেন না ২০ বছর বয়সী ইংলিশ তারকা। ভালোই হুজ্জত সামলাতে হবে তাঁকে। মাদক নেওয়ার অপরাধে আইনি জটিলতায় পড়ার শঙ্কা রয়েছে। ক্লাব কর্তৃপক্ষের তদন্তের পরিপ্রেক্ষিতে শাস্তি পেতে পারেন।
এ নিয়ে কথা বলতে হয়েছে ব্রেন্ডন রজার্সকেও। লিভারপুল কোচ বললেন, ‘সে একেবারে বাচ্চা ছেলে। এ বয়সেই প্রচারের আলোয় চলে এসেছে। কাজেই একজন শীর্ষ খেলোয়াড় ও পেশাদার হিসেবে নিজের চাহিদা সে জানে। যখন আপনি পেশাদার ক্রীড়াব্যক্তিত্ব হবেন, তখন এমন কিছু করতে পারেন না। ওর সঙ্গে আমি কথা বলব। আমি চাই, খেলোয়াড়দের মনোযোগ ফুটবলেই থাকুক। কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও। এ ব্যাপারে তার সঙ্গে কথা বলে সামনে এগোব। তথ্যসূত্র: রয়টার্স ও মেইল অনলাইন।