ন্যাসিওনালে ফিরে সুয়ারেজের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিটা তাঁর জন্য অনেক সম্মানের, আবেগেরও। এমনই যে, চোখের পানি ধরে রাখতেই পারছিলেন না লুইস সুয়ারেজ। যে ক্লাবে শুরু তাঁর ফুটবল ক্যারিয়ার, সেই ন্যাসিওনালই দুর্দান্ত একটা উপহার দিল বার্সেলোনা স্ট্রাইকারকে। উরুগুইয়ান ক্লাবটি তাদের নতুন অনুশীলন মাঠের নামকরণ করেছে ক্লাবের অন্যতম সেরা এই প্রতিভার নামে।

স্ত্রী-সন্তানদের নিয়ে বুধবার মন্টেভিডিওর অনুষ্ঠানটিতে ছিলেন সুয়ারেজ। কে জানে, শিকড়ে ফেরার সময়টায় হয়তো তরুণ বয়সে ক্লাবে কাটানো সময়গুলোর বেয়াড়া স্মৃতি তাঁকে তাড়া করছিল বারবার। না হলে অমন কাঁদবেন কেন! মাইকে কথা বলতে গিয়ে কাঁদলেন, কাঁদলেন দর্শকসারিতে নিজের আসনে বসেও। তবে এ কান্না আনন্দের, গর্বের। সুয়ারেজ সেটি লুকানওনি, ‘ন্যাসিওনালের কাছ থেকে সব সময়ই অনেক ভালোবাসা পেয়েছি। ন্যাসিওনালে ক্যারিয়ার শুরু করতে পেরেছি বলে আমি অনেক কৃতজ্ঞ। নিজের নামে একটা মাঠের নাম হতে দেখাটা আমার জন্য গর্বের।’

ন্যাসিওনালের যুব প্রকল্পে বেড়ে ওঠা, ১৮ বছরে অভিষেক মূল দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক বছর পরই ডাচ ক্লাব গ্রনিংগেনের মাধ্যমে ইউরোপের সঙ্গে পরিচয়, এরপর আয়াক্স, লিভারপুল আর এখন বার্সেলোনার হয়ে মাতিয়ে যাচ্ছেন ইউরোপ।

অনুষ্ঠানে ক্লাবের যুব প্রকল্পের এখনকার ছাত্রদের অনেক পরামর্শ দিয়েছেন সুয়ারেজ। আর ধন্যবাদ দিয়েছেন তাঁর স্ত্রী-সন্তানদের, ‘আমি চাইছিলাম আমার সন্তানেরাও এ সুন্দর মুহূর্তটা দেখুক। দেখুক ওদের বাবা কোত্থেকে উঠে এসেছে। আমার স্ত্রীকেও ধন্যবাদ জানাই গত ১৩ বছর একসঙ্গে থাকার প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার জন্য। আমার কাছে সেটি অমূল্য।’ ইএসপিএন।