ন্যাড়া হবেন না রাকিটিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দর এ চুল কাটতে হবে রাকিটিচকে? ফাইল ছবি
সুন্দর এ চুল কাটতে হবে রাকিটিচকে? ফাইল ছবি

কাঁধ ছুঁই ছুঁই সোনালি চুলগুলোর প্রতি হয়তো বেশ যত্নবান ইভান রাকিটিচ। এটা ঠিক, তিনি মডেল বা অভিনেতা নন যে চুলের প্রতি বাড়তি যত্ন না নিলেই নয়। তবুও বার্সেলোনার মধ্যমাঠের অন্যতম ভরসার চোখ জুড়োনো সোনারঙা চুলই তো জয় করেছিল রাকুয়েল মাউরির হৃদয়। 

রাকুয়েল, রাকটিচের স্ত্রী। সেভিয়ায় থাকতে দুই বছর চুটিয়ে প্রেম করার পরে বিয়ে করেছিলেন ২০১৩ সালের এপ্রিলে। একই বছরে দুজনের ঘর আলো করে আসে কন্যা আলথেয়া। সব ঠিকই ছিল। গোলটা বাঁধল এবার চ্যাম্পিয়নস লিগে। চুলের প্রতি রাকিটিচের বাড়তি প্রেম আছে—এটা বোঝার পর বার্সা-সতীর্থরা ঘোষণা দিল, চ্যাম্পিয়নস লিগ জিতলে কেটে ফেলা হবে চুল। ন্যাড়া হতে হবে রাকিটিচকে।
স্রেফ মজা করেই হয়তো বলা। ওদিকে রাকুয়েল বোধ হয় এক কাঠি বেশি সরে​স। তিনি ঘোষণা দিলেন, খবরদার। চুল কাটলে তোমার ভাত বন্ধ! (আক্ষরিক অর্থে নেবেন না, স্পেনে ওঁরা ভাত খায় না।)
বিষয়টি সিরিয়াসই হোক কিংবা ফাজলামো, সামাজিক সাইটে এটা বেশ শোরগোল ফেলেছিল। এখন প্রশ্ন উঠছে, রাকিটিচ কী করবেন। নিজেই তো চার মিনিটে প্রথম গোল করলে নিজের পায়ে কুড়োল (কিংবা মাথায় রেজার) চালালেন। মার্কাও প্রশ্নটি করেছিল রাকিটিচকে। সতীর্থরা যদি কাঁচি হাতে ধেয়ে আসে কী করবেন? এমনিতে জেরার্ড পিকে ইদানীং যেন সব সময় একটা কাঁচি রাখছেন। গোলপোস্টের জাল যে কাটতে হচ্ছে!
বার্সার ট্রেবল জয়ের ​অন্যতম নেপথ্য নায়ক ঝটপট উত্তর দিয়েছেন, ‘না, ওরা আমার ধারেকাছে ঘেঁষবে না। ড্রেসিংরুমে একটা বন্দুক রাখছি ইদানীং।’
সময়টা যে মধুর কাটছে, বোঝাই যাচ্ছে। স্বপ্নের মতো। কিন্তু মৌসুমের শুরুতে তিনি কি ভেবেছিলেন এমন স্বপ্নিল মুহূর্ত হাতে ধরা দেবে দ্রুতই? সেভিয়ার সঙ্গে তিন বছরের সম্পর্ক চুটিয়ে এই মৌসুমে বার্সায় নাম লেখান। তাঁর ওপর ভার চেপেছিল জাভির বিকল্প হয়ে ওঠার। জাভি! এর চেয়ে তো পাহাড় চাপিয়ে দেওয়াই ভালো।
শুরুতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। সমালোচনার তির ধেয়ে আসছিল। কম সমালোচনা শুনতে হয়নি বার্সা কর্তৃপক্ষকেও। রাকিটিচকে নেওয়া পেছনে বড় ভূমিকা ছিল বরখাস্ত হওয়া ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতার। অবশেষে জুবিজারেতার দূরদৃষ্টিই সত্যি বলে প্রমাণ হলো। আর রাকিটিচও স্মরণ করলেন এই বলে, ‘এখানে আমাকে আনার জন্য জুবি ও ক্লাবকে ধন্যবাদ জানাই।’
লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজের দাপটে প্রচারের আলো খুব একটা পড়ে না তাঁর ওপর। তবুও নেপথ্যের কারিগর হিসেবেই নিষ্ঠার সঙ্গে পালন করেন নিজের কাজটা। গত রাতেও জুভেন্টাসকে হারানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বার্সার হয়ে আট গোল করেছেন অভিষেক মৌসুমে। সব মিলে ক্লাব আর জাতীয় দলের ক্যারিয়ারে ৭৮টি গোল। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি বেছে নিতে একটুও কষ্ট হয়নি। কাল তাঁর গোলটিই বার্সাকে সাহায্য করেছে নিজেদের মতো করে খেলে যেতে।