ন্যু ক্যাম্পে আবার তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশ করে ছুটি কাটানো অনেক তো হলো। ঢের হয়েছে পরিবার, বন্ধু-বান্ধবী নিয়ে ঘোরাঘুরিও। এবার কাজে নামার পালা। বিশ্বকাপ ও বিশ্বকাপ-পরবর্তী ছুটির পর তাই আবারও ন্যু ক্যাম্পে তারার মেলা। বেশ লম্বা ছুটি কাটিয়ে কাল অনুশীলনে ফিরেছেন দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার। ফিরেছেন দানি আলভেজ, হাভিয়ের মাচেরানোও।

নতুন কোচ লুইস এনরিকে অবশ্য দল নিয়ে অনুশীলন শুরু করেন ১৪ জুলাই। তবে সেই সময়টায় অনুশীলনে যোগ দিয়েছিলেন শুধু বিশ্বকাপের গ্রুপপর্ব কিংবা নক আউটের শুরুর দিকে বাদ পড়ে যাওয়া খেলোয়াড়েরা। বিশ্বকাপ শেষে ধকল কাটিয়ে উঠতে বাড়তি কিছুদিন নিজেদের মতো সময় কাটিয়েছেন মেসি-নেইমার-মাচেরানো-আলভেজরা। এ কারণেই বার্সার প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি এ চারজনের কেউ। প্রস্তুতি ম্যাচগুলোর ফল অবশ্য খুব একটা ভালো হয়নি বার্সার। স্পেনের দ্বিতীয় বিভাগের দল রিক্রিয়েটিভো হুয়েলভাকে ১-০ গোলে হারালেও ফরাসি ক্লাব নিসের সঙ্গে ১-১ ড্র করেছে এনরিকের দল। মৌসুম শুরুর আগে নাপোলি, এইচজেকে ও লিওঁর বিপক্ষে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সা।  

২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার মিশন-লা লিগা। এফসিবার্সেলোনা ডট কম।