ন্যু ক্যাম্পে পুনর্মিলনী ছাপিয়ে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকি-টাকা দর্শনের সবচেয়ে বড় বিজ্ঞাপন যদি বার্সেলোনা হয়, জার্মানিতে তা ছড়িয়েছে বায়ার্নের হাত ধরেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ ন্যু ক্যাম্পে মুখোমুখি দুই পরাশক্তি। সাবেক সতীর্থ লুইস এনরিকে ও মেসি, ইনিয়েস্তাদের সঙ্গে পেপ গার্দিওলার পুনর্মিলনী ম্যাচটাকে দিচ্ছে বাড়তি মাত্রা। সঙ্গে দুই দলের পুরোনো দ্বৈরথ, সাম্প্রতিক ফর্ম—ধ্রুপদি একটা ম্যাচের সব আয়োজনই সারা।
গার্দিওলার ফেরা
যে ক্লাব জানে তাঁর প্রথম সবকিছু, যে মাঠে প্রতিটা ঘাস তাঁর চেনা, সেই বার্সেলোনায় প্রথমবারের মতো প্রতিপক্ষ কোচ হিসেবে আসছেন পেপ গার্দিওলা। ১৯৯২ সালে বার্সেলোনার প্রথম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সাক্ষী বায়ার্ন কোচ। পরে কোচ হয়ে বার্সাকে জিতিয়েছেন ১৪টি ট্রফি, পেয়েছেন সম্ভাব্য সবকিছুই। মেসি, ইনিয়েস্তাদের অন্য উচ্চতায় ওঠা তাঁর হাত ধরেই। ইনিয়েস্তা স্বীকার করে নিলেন, ‘আমরা অনেক দিন ধরে একে অন্যকে চিনি। অনেক কিছুর মধ্য দিয়ে গেছি আমরা, ব্যাপারটা হবে বিশেষ কিছু।’
এনরিকের হাতছানি
একদিক দিয়ে গার্দিওলার ভাবশিষ্যই বলা যায় বার্সার বর্তমান কোচ লুইস এনরিকেকে। গার্দিওলা বার্সা ছাড়ার পর এনরিকে অধিনায়ক হয়েছিলেন। পরে গার্দিওলা প্রথমবারের মতো বার্সার দায়িত্ব নিলে এনরিকে পেয়েছিলেন বার্সা ‘বি’ দলের দায়িত্ব। এরপর গার্দিওলা ক্লাব ছেড়েছেন, এক বছর বিরতি দিয়ে আবার ফিরেছেন বায়ার্নে। এনরিকেও এই মৌসুমে দায়িত্ব নিয়ে অনুচ্চারে জানান দিচ্ছেন, ঠিক লোককেই বেছে নিয়েছে বার্সা। লিগে বার্সা এখনো শীর্ষে, কোপা ডেল রের ফাইনালে উঠেছে, চ্যাম্পিয়নস লিগ তো আছেই। এনরিকের সামনে তাই তিনটি শিরোপার হাতছানি। গার্দিওলা প্রথম মৌসুমেই বার্সাকে ত্রিমুকুট এনে দিয়েছিলেন। এনরিকে পারবেন?
এমএসএন আতঙ্ক
ন্যু ক্যাম্পের ম্যাচের গায়ে ‘এমএসএন বনাম বায়ার্ন রক্ষণ’ তকমাটা আজ লেগেই যাচ্ছে। মেসি, সুয়ারেজ, নেইমার মিলে যা করছেন, তাতে এটা স্বাভাবিকই। মেসি, অঁরি, ইতোর রেকর্ড ভেঙে এবার মেসি, সুয়ারেজ, নেইমার এক মৌসুমে ত্রয়ী হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন (১০৮টি)। মেসির গোল হয়ে গেছে ৫১টি, সুয়ারেজ ২৪, নেইমার ৩৩। এমনও শোনা যাচ্ছে, এমএসএনকে ঠেকাতে গার্দিওলা তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার খেলাতে পারেন।
ইতিহাসের এপিঠ-ওপিঠ
দুই বছর আগে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ওটাই বার্সার সবচেয়ে বড় হার। মজার ব্যাপার, তারও চার বছর আগে ন্যু ক্যাম্পে ৪-০ গোলে উড়ে গিয়েছিল বায়ার্ন, চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাবেরও এটিই সবচেয়ে বড় হার! ন্যু ক্যাম্পে এই মৌসুম বার্সা দুর্দমনীয়, পাঁচ ম্যাচের সব কটিতেই জয়। বায়ার্নের কাছে ২০১৩ সালের সেমিফাইনালে হারের পর ন্যু ক্যাম্পে বার্সা আর হারেইনি। অন্যদিকে বায়ার্নেরও বার্সার মাঠে রেকর্ডটা মন্দ নয়, গত চার ম্যাচের তিনটিই জিতেছে। উয়েফাডটকম।
চোটের থাবা
চোট অনেকটাই খর্ব শক্তির করে দিয়েছে বায়ার্নকে। রোবেন, রিবেরি, আলাবা, বাডস্টুবারদের আজ দর্শক হয়েই থাকতে হচ্ছে। ফিলিপ লামকে তাই দেখা যেতে পারে মধ্যমাঠে। চোটে নাকের হাড় ভেঙে গেছে রবার্ট লেভানডফস্কিরও, তবে বায়ার্ন স্ট্রাইকার আজ মুখোশের সুরক্ষা নিয়েই নেমে যেতে পারেন। এদিক দিয়ে বার্সা মোটামুটি স্বস্তিতেই, বড় কোনো চোট-সমস্যা যে নেই।