ন্যু ক্যাম্পে বার্সা না অ্যাটলেটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যান বলছে, বার্সেলোনার দুশ্চিন্তার তেমন কিছু নেই। যাদের সঙ্গে লা লিগায় মুখোমুখি সর্বশেষ ১১ ম্যাচের একটিতেও হারেনি, তাদের হারাতে তো খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু ম্যাচটা যখন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে, বার্সার দুশ্চিন্তার অনেক কারণই আছে।
বছর তিনেক হলো দুই ঘোড়ার দৌড় থেকে তিন ঘোড়ার দৌড় হয়ে উঠেছে লা লিগা। তিন নম্বর ঘোড়াটি এই মৌসুমেও ভালোই ছুটছে। এরই মধ্যে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে যৌথ শীর্ষে অ্যাটলেটিকো। বার্সা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। লুইস এনরিকের দল আজ জিতলে শিরোপার পথে বড় একটা লাফই দেবে।
অ্যাটলেটিকো বার্সেলোনার এগিয়ে চলা ঠেকাতে চাইবে, জানা কথাই। তবে আজকের ম্যাচের আগে ডিয়েগো সিমিওনের দলের মনোবলটা একটু চোটগ্রস্ত। গত সপ্তাহে সেল্টা ভিগোর কাছে হেরে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে মাদ্রিদের দ্বিতীয় প্রধান। অ্যাটলেটিকো মিডফিল্ডার গ্যাবি অবশ্য দাবি করলেন, এতে তাদের কোনো সমস্যা হবে না, ‘ওই পরাজয় (কোপা ডেল রের) শনিবারের ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা সব সময়ই নিজেদের সর্বস্ব দিয়ে লড়ি। এদিন আপনারা আসল অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখতে পাবেন।’
এই ম্যাচে বার্সেলোনারও একটু অস্বস্তি আছে, সেটি অবশ্য এক ব্যক্তির—অ্যাটলেটি থেকে এই মৌসুমেই বার্সায় যোগ দেওয়া আরদা তুরান। তুর্কি এই মিডফিল্ডার হয়তো আজ ন্যু ক্যাম্পে নাও নামতে পারেন। অ্যাটলেটিকো সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয় তুরান পুরোনো ক্লাবের বিপক্ষে আজই প্রথম মুখোমুখি। তুরান ভীষণ রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে, ‘কয়েক দিন ধরেই এই ম্যাচটি নিয়ে ভাবছি। প্রতিপক্ষকে আপনার সব সময়ই সম্মান করতে হবে। অ্যাটলেটিকোও ব্যতিক্রম নয়।’
কোচ এনরিকেরও যে অস্বস্তি নেই, তা কিন্তু নয়। বিলবাওয়ের সঙ্গে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার-জর্ডি আলবা। দুজনই সেরে উঠলেও চেনা ছন্দে কি তাঁদের পাওয়া যাবে? বার্সা কোচ একটু রসিকতা করেছেন, ‘নেইমারকে না খেলানোটাই বরং ঝুঁকির। সমর্থকেরা আমাকে মেরে ফেলতে পারে!’ এএফপি, মার্কা।