ন্যু ক্যাম্পে হাসবেন গার্দিওলা?

‘আবার আসিব ফিরে, ন্যু ক্যাম্পে...’ পেপ গার্দিওলার জীবনে এই বাক্যটা যেন বারবারই আসে। বার্সেলোনা ছেড়েছেন চার বছর আগে, কিন্তু বার্সা যেন তাঁকে ছাড়ে না। বায়ার্ন মিউনিখের পর এবার ম্যানচেস্টার সিটির হয়ে আবার দাঁড়াচ্ছেন ন্যু ক্যাম্পের ডাগআউটে। আগের বার ভাগ্য মুখ ফিরে তাকায়নি, এবার কি তাকাবে?
চ্যাম্পিয়নস লিগটা গার্দিওলার কাছে যেন এক ধাঁধা হয়ে উঠেছে। পাঁচ বছর আগে বার্সার হয়ে জিতেছিলেন ট্রফি, এরপর বায়ার্নের হয়ে প্রতিবারই থামেন সেমিফাইনালে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১১ ম্যাচের মাত্র দুটি জিতেছেন, ক্যারিয়ারে ২১টি ট্রফিজয়ী গার্দিওলার নামের পাশে যা বেমানান পরিসংখ্যানই। ন্যু ক্যাম্পে বার্সেলোনার রেকর্ড তো আরও চিন্তার কারণ সিটির জন্য। ২০১৩ সালের পর নিজেদের মাঠে আর হারেনি বার্সেলোনা, ১১ ম্যাচই জিতেছে।
দুই দলের সর্বশেষ চার সাক্ষাতেও জিতেছে বার্সা। তাই আজ ড্র করতে পারলেই গার্দিওলা খুশি হওয়ার কথা। পরোক্ষে নিজেই সেটা বলছেন, ‘আমাদের চার ম্যাচ বাকি আছে। দুই ম্যাচ জিতলেই পরের পর্বে যাব। আশা করি, বার্সার বিপক্ষেও পয়েন্ট পাব।’ প্রথম দুই ম্যাচ জিতে বার্সা শীর্ষে, চার পয়েন্ট পাওয়া সিটি দুইয়ে। সেল্টিকের মাঠে সিটি ৩-৩ গোলে ড্র করেছে। তবে বার্সাকে টপকে যেতে চান সিটি মিডফিল্ডার ইলকায় গুন্দোগান, ‘গার্দিওলা এখানে খেলেছেন, কোচও ছিলেন। বার্সেলোনা, মেসিকে তিনি হাতের তালুর মতোই জানেন। এই ব্যাপারটা আমাদের পক্ষে যাবে।’
যতটা সহজে বললেন, কাজটা কিন্তু অনেক কঠিন। বার্সাকে নিজেদের মাঠে হারাতে দুর্দান্ত কিছুই করতে হবে জানেন গার্দিওলা। বার্সার টগবগে যৌবন দেখেছেন, এখনো শৌর্যের মধ্যগগনে দলটি। মেসি, নেইমার, সুয়ারেজের এমএসএন নিজেদের দিনে ভয়ংকর। গার্দিওলাও সেটা জানেন, ‘১৫ বছর ধরে ফুটবলে ওদেরই আধিপত্য। বার্সা যেভাবে খেলে, সেটা আসলেই বিশেষ কিছু। ওদের সামনে তিনজন অবিশ্বাস্য খেলোয়াড় আছে, প্রতি-আক্রমণেও ওরা দুর্দান্ত। সবকিছু মিলে বার্সা দারুণ এক দল।’ আগুয়েরোর সংযোজন, ‘ওকে (মেসিকে) থামানো খুবই কঠিন। নিজের অভিজ্ঞতায় সেটা জানি। আশা করি, এই দিনটা ওর ভালো যাবে না। আমাদের রক্ষণ নিজেদের সেরাটা দিলেও লিওকে আটকানো সহজ নয়। কারণ, লিও বিশ্বের সেরা।’
লুইস এনরিকের বড় স্বস্তি, চোট কাটিয়ে তিন সপ্তাহ পর ফিরেই ঝলক দেখান মেসি। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে নেমেই তিন মিনিটের মধ্যে গোল পেলেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইন, আজ খেলতে পারেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও। জমাট এক লড়াইয়ের জন্য মঞ্চটা তাই প্রস্তুতই। এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
বার্সেলোনা-ম্যান সিটি
পিএসজি-বাসেল
আর্সেনাল-লুদোগোরেৎস
নাপোলি-বেসিকতাস
কিয়েভ-বেনফিকা
সেল্টিক-ম’গ্লাডবাখ
রোস্তভ-অ্যাটলেটিকো
বায়ার্ন-পিএসভি
* প্রথমে স্বাগতিক দল
টুকিটাকি
আজ বেসিকতাসকে হারালেই প্রথম দল হিসেবে নকআউট পর্বে চলে যেতে পারে নাপোলি। ইতিহাসও আশা দেখাচ্ছে, ইতালিয়ান প্রতিপক্ষকে কখনো হারাতে পারেনি বেসিকতাস
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ ৪১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে পিএসজি। একমাত্র হারটি ২০১৫ সালের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে জয় পায়নি বায়ার্ন মিউনিখ
আর্সেনালের প্রতিপক্ষ বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎস প্রতিপক্ষের মাঠে সর্বশেষ সাত ম্যাচে অপরাজিত