ন্যু ক্যাম্পের সামনে বসবে ক্রুইফের মূর্তি
ইয়োহান ক্রুইফকে কীভাবে শ্রদ্ধা জানাতে পারে বার্সেলোনা? ক্লাবটিকে এত কিছু দিয়েছেন এই ডাচ্ ফুটবলার। তাঁর জন্য কতটা করলে প্রতিদান দেওয়া হয়! একটা স্টেডিয়াম তাঁর নামে করা বা ন্যু ক্যাম্পে একটি মূর্তি গড়া অথবা ক্লাবের জাদুঘরে তাঁর স্মৃতিচিহ্নকে বিশেষ জায়গা দেওয়া। এর যেকোনো একটি করলে ক্রুইফকে শ্রদ্ধা জানানোয় না আবার কমতি পড়ে যায়! এই কারণে এর সবগুলোই করতে যাচ্ছে বার্সেলোনা।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রিয় ক্লাব বার্সেলোনা, প্রিয় খেলা ফুটবলের সান্নিধ্য ছেড়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গত বছর। গত শুক্রবার ছিল ক্রুইফের প্রথম মৃত্যুবার্ষিকী। এরপরের দিন বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ ক্রুইফকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেছেন, ‘তিনিই আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। আমাদের শিখিয়েছেন, কিছুই অসম্ভব নয়। তার মৃত্যু শুধু বার্সেলোনার জন্যই নয়, ফুটবলকে ভালোবাসে এমন সবার জন্যই অপূরণীয় এক ক্ষতি।’
বার্সেলোনা ‘বি’ দলের ঘরের স্টেডিয়ামটি অন্য জায়গায় নতুন করে বানানোর পরিকল্পনা করছে ক্লাব। নতুন এই মিনি স্টেডিয়ামের নাম দেওয়া হবে এস্তাদি ইয়োহান ক্রুইফ। ক্লাবের জাদুঘরে ক্রুইফের জন্য বিশেষ জায়গা রাখা হবে বলেও ঘোষণা দিয়েছেন বার্তোমেউ। ক্রুইফের ছেলে ইয়োর্ডি ক্রুইফ জানিয়েছেন, বাবার পুরোনো জার্সি আর ১৯৭৪ সালে জেতা ব্যালন ডি’অর ট্রফিটি ওই জাদুঘরে রাখতে দেবে তাঁর পরিবার।
১৯৭৩ সালে আয়াক্স ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ক্রুইফ। সেই মৌসুমেই কাতালান ক্লাবটিকে জেতান ১৪ বছরের মধ্যে প্রথম স্প্যানিশ লিগ। পাঁচ বছর খেলেন বার্সায়। পুরোনো ক্লাবে কোচের দায়িত্ব নিয়ে ফেরেন ১৯৮৮ সালে। ১৯৯২ সালে বার্সাকে জেতান তাদের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান কাপ। মেইল অনলাইন।