ন্যু ক্যাম্পের সুয়ারেজ দর্শন

মাঠে নেমেছিলেন মাত্র মিনিট পনেরোর জন্য। বলে পা-ই ছোঁয়াতে পেরেছেন হাতে গোনা দু-একবার, চমক দেখাবেন কী! অথচ পরশু ন্যু ক্যাম্পে মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে প্রীতি ম্যাচে সেই ১৫ মিনিটের জন্য মাঠে নামতে পেরেই কী উচ্ছ্বাস লুইস সুয়ারেজের! ম্যাচ শেষে টুইট করেছেন, ‘আজ একটা অবিস্মরণীয় দিন।’
উচ্ছ্বাসটা আসলে অন্য কারণে। বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফুটবলে। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় এসেছেন ঠিকই, কিন্তু নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না, অনুশীলন করতে পারবেন না, এমনকি ফুটবল মাঠেও যেতে পারবেন না—মাঝের কয়েকটা দিন কী যে যন্ত্রণায় কাটিয়েছেন সুয়ারেজ! সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে গত সপ্তাহে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাঁর আপিলের রায়ে। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞা আছে এখনো, তবে অনুশীলন করার আর প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। অনুশীলন শুরু করেছিলেন রায়ের পরদিন থেকেই, বার্সেলোনার জার্সি গায়ে প্রথম মাঠে নামলেন পরশু। ‘অবিস্মরণীয় দিন’ তো তিনি বলতেই পারেন!
অপেক্ষাটা শুধু সুয়ারেজের নয়, ছিল বার্সা সমর্থকদেরও। মাঠে নামার আগেই মেসি-নেইমারদের গোলে বার্সেলোনা এগিয়ে ৪-০ ব্যবধানে। কিন্তু কোনো গোলেই তালির শব্দ এতটা জোরালো হলো না, যতটা শোনা গেল ৭৭ মিনিটে সুয়ারেজ বদলি হিসেবে নামার সময়। উরুগুইয়ান স্ট্রাইকার পরে টুইটারে কৃতজ্ঞতাও জানিয়েছেন, ‘সবার আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।’
শেষ পর্যন্ত ৬-০ গোলে হুয়ান গ্যাম্পার ট্রফিটা জিতেছে বার্সেলোনা। অসাধারণ খেলে ম্যাচসেরা হয়েছেন মেসি, জোড়া গোল করে আলো ছড়িয়েছেন নেইমারও। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুও সেই সুয়ারেজই। বার্সেলোনার সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য তাঁকে আরও কিছুদিন সময় দিতে চান ক্লাবের ক্রীড়া পরিচালক আনদোনি জুবিজারেতা, ‘ও আমাদের খেলার ধরন জানবে, ওর সতীর্থরাও তাকে জানবে। যাতে সে যখন ফিরবে, তখন যেন শতভাগ দিতে পারে।’
কাজটা সুয়ারেজের জন্য খুব একটা কঠিন হবে না বলেই মনে করেন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, ‘অন্য একটা ক্লাব থেকে আসার পর মানিয়ে নেওয়া কখনোই সহজ নয়। তবে যেটা আমি আগেও বলেছি, সে এখানে খুবই আন্তরিক একটা ড্রেসিংরুম পাবে এবং আমি মনে করি সে ভালোভাবেই এখানে মানিয়ে নেবে। কারণ, ওর প্রতিভা নিয়ে তো সংশয় নেই।’ এএফপি, রয়টার্স।