নয়ন জুড়াচ্ছে আঁখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এমনিতেই ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কারণে নজর কাড়ে আঁখি। মাঠের খেলাতেও দৃষ্টি কেড়েছে সে। ডিফেন্ডার হলেও নিয়মিত গোল পায়। গত আসরের সেরা খেলোয়াড়ও হয়েছিল, করেছিল ভুটানের বিপক্ষে জোড়া গোল। আজও বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। খেলা শুরু সন্ধ্যা সাতটায়।
গতবার সেরা খেলোয়াড় হয়েছিল আঁখি। ফাইল ছবি
গতবার সেরা খেলোয়াড় হয়েছিল আঁখি। ফাইল ছবি

ট্যাক্সিতে উঠতেই চালক দিলীপ কুমার ঘালির প্রশ্ন, ‘কোন দেশ থেকে এসেছেন?’
‘বাংলাদেশের সাংবাদিক, মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্ট কাভার করতে এসেছি।’

উত্তর পেয়ে ভুটানি যুবক মহা উৎসাহে বলতে শুরু করলেন, ‘বাংলাদেশের মেয়েরা চমৎকার ফুটবল খেলছে। ওদের খেলা দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তোমাদের ৫ নম্বর জার্সি (আঁখি খাতুন) তো অসাধারণ খেলছে।’ ভুটানের ঘরোয়া ফুটবল ক্লাব ফুনসোলিং সিটি এফসির ডিফেন্ডার প্রেমা ওয়াংচুকও আঁখির খেলা দেখে মুগ্ধ, ‘তোমাদের ৫ নম্বর জার্সির সঙ্গে একটা ছবি তুলতে চাই। এটা কি সম্ভব?’

শুধু এ দুজনের মুখেই নয়, গত এক সপ্তাহে বাংলাদেশের মেয়েদের ফুটবলের প্রশংসা শোনা যাচ্ছে থিম্পুর সব জায়গাতেই। ট্যাক্সিচালক থেকে মুঠোফোন রিচার্জের দোকানি, রেস্তোরাঁর বয় থেকে রাস্তার ট্রাফিক পুলিশ-সবাই প্রশংসায় পঞ্চমুখ। আঁখির কথাটা একটু আলাদা করেই বলছে সবাই।

আঁখি অবশ্যই এমনিতেই চোখে পড়ার মতো। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বাংলাদেশের এই দলের সবচেয়ে লম্বা খেলোয়াড়। উচ্চতার কারণেই পুরো দলের মধ্যে আলাদা করে নজর কাড়ে। এর সঙ্গে যোগ হয়েছে গত দুই ম্যাচের পারফরম্যান্স। ভুটানিদের মন জয় করে নিয়েছে আঁখি।

সিরাজগঞ্জের কিশোরী আঁখি খেলে ডিফেন্ডার হিসেবে। গোল রোখাই তার আসল কাজ। তবে ওভারল্যাপ করে যেভাবে প্রতিপক্ষের ডি বক্সে আতঙ্ক ছড়ায়, তাতে তাকে নিয়ে আলাদা করে আজ কৌশল সাজাতেই পারেন ভুটানের কোচ সুং জে লি।

ভুটানের বিপক্ষে গত সাফের এই টুর্নামেন্টে বাংলাদেশের ৩-০ ব্যবধানের জয়ে দুটি দুর্দান্ত গোল করেছিল আঁখি। প্রথমটি কর্নার থেকে উড়ে আসা বলে হেডে। পরেরটি চমৎকার ব্যাকহিলে। আজ আবারও সামনে সেই ভুটান। আজও কি দেখা যাবে তেমন কিছু? কাল অনুশীলনের আগে কথা বলার সময় আঁখির কথায় ফুটে বেরোল আত্মবিশ্বাস, ‘ওরা ঘরের মাঠে খেলবে। স্বাভাবিকভাবেই অনেক সমর্থন পাবে। তবে আমাদের নিজস্ব খেলাটাই খেলব আমরা। চেষ্টা করব আবারও গোল করতে।’

আজকের ম্যাচ সামনে রেখে অনুশীলনে আঁখিরা। ছবি: বাফুফে
আজকের ম্যাচ সামনে রেখে অনুশীলনে আঁখিরা। ছবি: বাফুফে

পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রায় ৪০ গজ দূর থেকে গোল করেছিল আঁখি। খেলা শেষ হতেই গোলের ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আঁখি নিজেও খবরটা জানে। প্রসঙ্গটা তুলতেই বলল, ‘ওই গোলটা ভাইরাল হয়েছে দেখে ভীষণ ভালো লেগেছে। আসলে ডিফেন্ডার হয়ে গোল করেছি বলে সবাই ভালো বলছে। এমন গোল আরও করতে চাই।’

ভুটানিদের মুখে মুখে তার কথা-এটা বলায় একটু লজ্জাই পেল যেন। বিদেশবিভুঁইয়ে এমন প্রশংসা অনুপ্রেরণারও কাজ করছে তার জন্য, ‘আমার খেলা যে এখানে অনেকে পছন্দ করে, সেটা আমাদের দলের লিয়াজোঁ অফিসার মীরা (মীরা তামাং) বলেছে। ম্যাচের সময় গ্যালারি থেকেও নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলে ডাকে। শুনতে ভালোই লাগে। আরও উৎসাহ পাই। আরও ভালোভাবে খেলতে ইচ্ছা করে।’

এই আঁখি বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আবিষ্কার। ২০১৪ সালে এই টুর্নামেন্টে খেলতে নেমেই বদলে যায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রীর জীবন। নজরকাড়া পারফরম্যান্স দিয়ে পরের বছরই জাতীয় বয়সভিত্তিক দলে। সুযোগ পেয়ে যায় বিকেএসপিতেও। ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দলেও ছিল আঁখি। লাল-সবুজ জার্সি গায়ে প্রথম গোলও সেই প্রতিযোগিতাতেই। এরপর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলেছে। গত বছর অক্টোবরে থাইল্যান্ডে চূড়ান্ত পর্বেও। ওই টুর্নামেন্টে কোনো গোল নেই।

এরপরই গত বছরের ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে জোড়া গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতে আঁখি। এরপর থিম্পুতে এসে পাকিস্তানের বিপক্ষে দূরপাল্লার শটে নজরকাড়া ওই গোল। জাতীয় দলের হয়ে চারটি গোলের মধ্যে ভুটানের বিপক্ষে ব্যাকহিলে করা গোলটিকেই এগিয়ে রাখছে আঁখি, ‘ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোলটাই স্মরণীয় হয়ে আছে এখনো।’

আঁখির বাবা আক্তার হোসেন তাঁতশ্রমিক। নিজেদের কোনো মেশিন নেই। অন্যের মেশিনে তাঁত বুনে সংসার চলে আঁখিদের। খেলার সুবাদে বাবার হাতে নিয়মিতই কিছু টাকাপয়সা তুলে দিচ্ছে আঁখি। সংসারে কিছুটা হলেও সচ্ছলতা এসেছে। ফুটবল বদলে দিয়েছে আঁখির জীবন। বাংলাদেশের ফুটবলেও বদলের স্বপ্ন দেখে আঁখি। সেই স্বপ্নটা অনেক বড়, ‘আমি দেখতে চাই, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে।’