নয়্যারকেও ইতিহাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতামূলক ম্যাচে কখনো ইতালিকে হারাতে পারেনি জার্মানি। বোর্দোয় আজ ইউরোর কোয়ার্টার ফাইনালে তাই জার্মানির সামনে সুযোগ ইতিহাস গড়ার। তবে একই ম্যাচে অনন্য এক ব্যক্তিগত অর্জনের হাতছানি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সামনেও। গোলপোস্ট অক্ষত রাখতে পারলেই ইতিহাসের প্রথম জার্মান গোলরক্ষক হিসেবে কোনো টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়বেন নয়্যার।
জার্মানির হয়ে নয়্যারের সর্বশেষ গোল খাওয়া গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে। বার্লিনের ওই ম্যাচে যোগ হওয়া সময়ে এরিক ডায়ারের গোলের পর টানা পাঁচ ম্যাচ জার্মান পোস্ট সুরক্ষিত রেখেছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক। সব মিলিয়ে ৪৫০ মিনিট। তবে এর মধ্যে আছে একটা প্রীতি ম্যাচ, ইউরোর শুরুর আগে হাঙ্গেরির বিপক্ষে। এই ইউরোতে এখন পর্যন্ত চার ম্যাচে গোল খায়নি জার্মানি।
এর আগে ১৯৭৮ বিশ্বকাপে টানা চার ম্যাচ গোল না খেয়ে ছিলেন জার্মান গোলরক্ষক সেপ মায়ার। এখন পর্যন্ত সেটিই জার্মানির হয়ে রেকর্ড। তবে মায়ারও চান আজ তাঁর রেকর্ডটা ভেঙে দিন ছয় ফুট তিন ইঞ্চি দীর্ঘ উত্তরসূরি। মায়ার শুভকামনা জানিয়ে রাখলেন নয়্যারকে, ‘আমি চাই আমার রেকর্ডটা নয়্যারের হোক। সে তার প্রজন্মের সেরা গোলরক্ষক।’
নিয়মিত অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগার চোটের কারণে খেলতে না পারায় এ টুর্নামেন্টে জার্মানির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন নয়্যার। তাঁর এই ভূমিকায় মুগ্ধ জার্মান কোচ জোয়াকিম লো। কোচের কণ্ঠে নয়্যারের জন্য উচ্ছ্বসিত প্রশংসা, ‘সম্প্রতি গোলরক্ষক হিসেবে সে যতটা দাপটের সঙ্গে খেলছে, কেউ কোনো দিন সেটা দেখাতে পারেনি। মাঠে সে অসাধারণ এক ব্যক্তিত্বও।’ এএফপি, রয়টার্স।