নয়্যারের 'খোঁচা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে পেছনে ফেলে কি এবার ব্যালন ডি’অর জিততে পারবেন নয়্যার?  l ফাইল ছবি
রোনালদোকে পেছনে ফেলে কি এবার ব্যালন ডি’অর জিততে পারবেন নয়্যার? l ফাইল ছবি

গোলদাতাই নায়ক, গোলরক্ষককে কজন মনে রাখে! এটাই যেন ফুটবলের নিয়ম।
তারকাখ্যাতিও গোলদাতাদেরই বেশি। সেই গোলদাতা রোনালদো বা মেসির মতো কেউ হলে তো কথাই নেই। আড়ালে থেকে যাওয়াই তখন বাকিদের নিয়তি। ম্যানুয়েল নয়্যারই যেমন, সময়ের সেরা গোলরক্ষকের তালিকা করলে তাঁর নাম প্রথম দিকেই থাকবে। ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েছেন, আস্থার প্রতীক হয়ে আছেন বায়ার্ন মিউনিখের পোস্টের নিচে। মনোনয়ন পেয়েছেন এবার ফিফা ব্যালন ডি’অরের জন্যও। অথচ সম্ভাব্য জয়ী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা যেমন জোরেশোরে শোনা যাচ্ছে, সেই তুলনায় নয়্যারের নাম আসছে কোথায়!
জার্মান গোলরক্ষক নিজেও ব্যাপারটা বোঝেন। আচ্ছা, এ নিয়ে তাঁর আক্ষেপ আছে? মহাতারকা বলেই কি রোনালদোর নামটা বেশি শোনা যাচ্ছে? জার্মান ক্রীড়া সাময়িকী কিকার—এর সঙ্গে সাক্ষাৎকারে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল নয়্যারকে। জবাবে জার্মান গোলরক্ষক একটু টিপ্পনীই কেটেছেন রোনালদোকে, ‘দেখুন, আমি তো খেলোয়াড়, পণ্যদূত নই। অন্তর্বাস পরে পোজ দেওয়ার লোক নই আমি।’
‘সিআর-সেভেন’ নামে রোনালদোর নিজস্ব ব্র্যান্ডের অন্তর্বাস আছে, এটা জানাই। তবে নয়্যারের এই খোঁচাটা শুধু রোনালদোর দিকে ভাবলে একটু ভুলই হবে। গোলদাতা আর গোলরক্ষকদের মধ্যে এই যে খ্যাতির ‘বৈষম্য’, নয়্যার সেটাই স্পষ্ট করেছেন পরের কথায়, ‘ম্যাচের পরে দেখবেন সব সময় টিভিতে দেখানো হয় কয়টা গোল হলো, কয়টা গোলের সুযোগ এল, কে গোলে সহযোগিতা করলেন এসব। গোলরক্ষক যে অনেক ঝুঁকি নিয়ে গোল বাঁচিয়েছেন, দারুণ কয়েকটা সেভ করেছেন, এগুলো কেউ মনে রাখে না।’ কথাগুলো বললেন বটে, তবে এসব নিয়ে মনে আক্ষেপ না পুষে নিজের কাজেই বেশি আনন্দ পান নয়্যার, ‘আমি রেড কার্পেট অনুষ্ঠান পছন্দ করি না, সবুজ মাঠই আমার বেশি পছন্দ। মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করতেই বেশি ভালো লাগে।’
রোনালদোর মহাতারকা ভাবমূর্তি নিয়ে খোঁচা দিয়েছেন আরও একজন—পুসকাস পুরস্কারের জন্য মনোনীত আয়ারল্যান্ড মহিলা দলের স্ট্রাইকার স্টেফানি রোচি। ইব্রাহিমোভিচ, হামেস রদ্রিগেজ ও ডিয়েগো কস্তাদের সঙ্গে বছরের সবচেয়ে সুন্দর গোলের জন্য মনোনীত এই আইরিশ স্ট্রাইকারের কণ্ঠে রসিকতা, ‘আমার মনে হয় না, রোনালদোর মতো এত চটক আমার আছে। ওর ব্যাগে আমার চেয়ে বেশি প্রসাধনী থাকে।’ মার্কা, ডেইলি মেইল।