পঁচাশির বারান্দায় রণজিৎ দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণজিৎ দাসের ৮৫তম জন্মদিনে কাটা হলো কেক। কাল সিলেটের জেলা স্টেডিয়ামে  l প্রথম আলো
রণজিৎ দাসের ৮৫তম জন্মদিনে কাটা হলো কেক। কাল সিলেটের জেলা স্টেডিয়ামে l প্রথম আলো

সিলেটবাসীর কাছে গতকাল দীপাবলির আলো আর রংটা ছিল অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত। সন্ধ্যার সময় ৮৫টি মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে নৃত্যের ছন্দে মঞ্চে বরণ করে নেওয়া হয় প্রবীণ ফুটবলার রণজিৎ দাসকে। উপলক্ষ ছিল তাঁরই ৮৫তম জন্মদিন পালন।
বিকেল সাড়ে পাঁচটায় রণজিৎ দাসের হাত দিয়ে ৮৫টি বেলুন উড়িয়ে উৎসবের সূচনা। এরপর হাজার খানেক মানুষের উপস্থিতিতে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় একদল শিল্পী ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বেলে বরণ করে নেন রণজিৎ দাসকে। এরপর ফুটবলার রণজিৎ দাসের ৮৫তম জন্মদিন উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সুপ্রিয় চক্রবর্তী এবং সদস্যসচিব আবদুর রশিদ রেনু আয়োজকদের পক্ষ থেকে রণজিৎ দাসকে ফুল, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।
এরপর রণজিৎ দাসকে নিয়ে প্রকাশিত জ্যোতির মহোৎসবে সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করে। শুভেচ্ছার জবাবে রণজিৎ দাস বলেন, ‘জীবনের এতটা সময় পেরিয়ে এসেছি, কিন্তু এখনো মাঠের স্মৃতিগুলো আমার কাছে সজীব ও প্রাণবন্ত। আমাকে আজ (গতকাল) যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, তা আমৃত্যু মনে রাখব। আপনাদের ভালোবাসার এই ঋণ কখনো শোধ হওয়ার নয়।’
রণজিৎ দাসকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আতফুল হাই শিবলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ষাটের দশকের ফুটবলার প্রবীর রঞ্জন দাস ভানু, শহীদুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, ক্রীড়াসংগঠক বিরাজ মাধব চক্রবর্তী, রাজনীতিবিদ বিজিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, রণজিৎ দাসের মেয়ে রীমা দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নাট্যসংগঠক আনোয়ার হোসেন রনি।
আলোচনার পর তাঁকে নিয়ে নির্মিত আয়নাঘর নামের একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বাউল আবদুর রহমান, শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, লাভলী দেব, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী, শামীম আহমদ, অগ্নিলা দাশ সংগীত পরিবেশন করেন।