সবচেয়ে জনপ্রিয় লিগ? হয়তো। সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? তর্কসাপেক্ষ। অর্থে-প্রচারে সবচেয়ে জৌলুশপূর্ণ? নিশ্চিতভাবেই। প্রশ্নগুলো যে লিগ নিয়ে, সেই ইংলিশ প্রিমিয়ার লিগের ২৬তম মৌসুম শুরু হচ্ছে আজ
শীর্ষ পাঁচের খোঁজ খবর
ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল...‘ফ্যাব ফোরে’র দাপট তো অনেক দিনের। এই দশকের শুরুতে এদের সঙ্গে যোগ হয়েছে ম্যানচেস্টার সিটি, আর গত দু-তিন বছরে টটেনহাম। লেস্টারের মতো কেউ যদি রূপকথা লেখে সেটি ভিন্ন, তা না হলে এবারও লড়াইটা হবে এই ছয় দলের মধ্যেই। লিখেছেন রাজশুভনারায়নচৌধুরী
চেলসি
যাঁর গোলে গত মৌসুমে এসেছিল শিরোপা, সেই ডিয়েগো কস্তাই এবার দলে অচ্ছুত। ৩৫ ম্যাচে ২০ গোল করা স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে বনাবনি হচ্ছে না কোচ আন্তোনিও কন্তের। তাহলে এবার চেলসির হয়ে গোল করবেন কে? লন্ডনের নীল অংশেই শিরোপা থাকবে কি না, এই প্রশ্নের উত্তরও লুকিয়ে এখানে। কন্তে তা জানেন। জানেন বলেই ৭০ মিলিয়ন পাউন্ডে (৭৩৬ কোটি টাকা) রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছেন আলভারো মোরাতাকে। তারপরও চেলসি ঠিক এবার কতটা কী করতে পারবে, তা নিয়ে সংশয় থাকছে। গতবার শুধু ঘরোয়া ফুটবল খেললেও এবার যোগ হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। তার ওপর দল ছেড়ে গেছেন কিংবদন্তি অধিনায়ক জন টেরি। কন্তে নিজেই কয়েকবার বলেছেন, আরও কয়েকজন খেলোয়াড় চান দলে। তা না আনতে পারলে ভুগতে হতে পারে চেলসিকে।
এলেন
মোরাতা, রুডিগার, বাকায়োকো, কাবায়েরো
গেলেন
টেরি, মাতিচ, কুয়াদ্রাদো, সোলানকি, বেগোভিচ, জুমা
ম্যানচেস্টার ইউনাইটেড
চার বছর আগে স্যার অ্যালেক্স ফার্গুসন ডাগআউট ছেড়ে গেলেন, ইউনাইটেডের লিগ-ভাগ্যও যেন চলে গেল তাঁর সঙ্গে। শিরোপা দূরে থাক, সর্বোচ্চ ১৩ বার প্রিমিয়ার লিগজয়ী দলটা গত চার বছরে সেরা চারেই থাকতে পেরেছে মাত্র একবার! এবার ক্লাব ছেড়ে এভারটনে ফিরে গেলেন ওয়েইন রুনি, গত মৌসুমের ত্রাতা ইব্রাহিমোভিচও চোট কাটিয়ে কবে ফিরবেন কে জানে। তাহলে আক্ষেপেরই গল্প বলে যাবে ইউনাইটেড? হোসে মরিনহো মুচকি হাসবেন প্রশ্নটা শুনলে। লিগ জয়ের প্রস্তুতিই নিচ্ছেন ইউনাইটেড কোচ। ৯০ মিলিয়ন পাউন্ড (৯৪৭ কোটি টাকা) খসিয়ে এভারটন থেকে রোমেলু লুকাকুকে এনেছেন। চেলসি থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার নেমানিয়া মাতিচকেও নিয়ে এসেছেন যাতে পগবা-হেরেরারা আরও স্বাধীনভাবে খেলতে পারেন। শিরোপার স্বপ্ন দেখতেই পারেন ইউনাইটেড-ভক্তরা।
এলেন
লুকাকু, মাতিচ, লিন্ডেলফ
গেলেন
রুনি
ম্যানচেস্টার সিটি
দলের রক্ষণ ঠিক করতে ম্যানচেস্টার সিটি এবার দলবদলে দেখিয়েছে তাদের শক্তি। গত মৌসুম ছিল সিটিতে পেপ গার্দিওলার প্রথম, তাতেই ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো মৌসুমে শিরোপাহীন স্প্যানিশ কোচ। কারণ ‘বুড়িয়ে যাওয়া’ রক্ষণ। এ জন্যই ৩০ পেরোনো ডিফেন্ডারদের বের করে দিয়ে স্প্যানিশ কোচ এনেছেন তরুণ চার ফুলব্যাক-গোলকিপারকে। সে জন্য খসাতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা! তারপরও সিটির অবস্থা, ‘অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ফিট, তো সিটি হিট!’ আক্রমণে ডি ব্রুইন-জেসুস-আগুয়েরোদের সঙ্গে এবার যোগ হয়েছেন মোনাকোর বার্নার্দো সিলভাও। মোনাকোরই কিলিয়ান এমবাপ্পের পেছনেও ছুটছেন গার্দিওলা। এমবাপ্পেও এলে সিটিকে ঠেকানো খুব কঠিন হবে অন্যদের।
এলেন
সিলভা, মেন্ডি, ওয়াকার, দানিলো, এডারসন
গেলেন
হার্ট, সানিয়া, জাবালেতা, নলিতো, ইহিয়ানাচো, নাভাস, কাবায়েরো
লিভারপুল
ফিলিপে কুতিনহো শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত আনা যাবে ডিফেন্ডার ভিরজিল ভ্যান ডাইক ও মিডফিল্ডার নাবি কেইতাকে? এই মৌসুমটা লিভারপুলের হবে কি না, এই প্রশ্নগুলোর উত্তরই সেটি বলবে। ‘প্রিমিয়ার লিগ’ যুগে লিগ জেতা হয়নি, সব মিলিয়ে লিগ শিরোপার হাহাকার ২৭ বছর ধরে। তবে ইয়ুর্গেন ক্লপের অধীনে আবারও ইউরোপে পরাশক্তি হয়ে উঠতে চায় দলটি। গত মৌসুমে লিগে হয়েছে চতুর্থ। এবার লিগ-চ্যাম্পিয়নস লিগ দুটিই সামনে রেখে প্রস্তুত হচ্ছে লিভারপুল। রোমা থেকে আনা হয়েছে উইঙ্গার মোহামেদ সালাহকে। তবে শিরোপা জিততে লিভারপুলকে গত মৌসুমের ‘রবিনহুড’ উপাধিটা ছুড়ে ফেলতেই হবে। বড় দলের সঙ্গে না হারলেও গত মৌসুমে লিগে পয়েন্ট তালিকার নিচের দিকের দলগুলোর সামনেই যে মাথা কুটে মরেছে ক্লপের দল।
এলেন
সালাহ, সোলানকি, রবার্টসন
গেলেন
লুকাস, উইসডম, স্টুয়ার্ট
আর্সেনাল
গ্রানিত শাকার পাসে আলেক্সান্দ্রো লাকাজেতের গোল—শাকা লাকা বুম বুম! এই মৌসুমে আর্সেনাল-ভক্তরা নিশ্চিতই স্লোগানটা অনেকবার তুলবেন। ফ্রেঞ্চ ক্লাব লিঁও থেকে ক্লাব রেকর্ড ৫২ মিলিয়ন পাউন্ডে (৫৪৮ কোটি টাকা) লাকাজেতকে নিয়ে এসেছে আর্সেনাল। ফ্রেঞ্চ স্ট্রাইকার গানারদের ‘৯’ নম্বরের দুঃখটা ঘোচাতে পারলে আর্সেন ওয়েঙ্গারের দল শিরোপার বড় দাবিদার হতেই পারে। এক লুকাস পোডলস্কি ছাড়া যে সর্বশেষ ১৮ মৌসুমে আর্সেনালের কোনো ‘নাম্বার নাইন’ মৌসুমে ১০ গোলই করতে পারেননি! শিরোপা পরের কথা, সেরা চারে ফেরাই এখন ওয়েঙ্গারের মূল লক্ষ্য। ২১ বছরের ‘ওয়েঙ্গার-যুগে’ গত মৌসুমেই প্রথম সেরা চারের বাইরে গেছে আর্সেনাল। লিগে বড় কিছু জিততে অ্যালেক্সিস সানচেজকেও ধরে রাখাটাই হবে ওয়েঙ্গারের বড় কাজ।
এলেন
লাকাজেত, কোলাসিনাচ
গেলেন
সানোগো, শেজনি
আছে টটেনহামও
২০১৫-১৬ মৌসুমে তৃতীয়, গত মৌসুমে দ্বিতীয়...এবার তাহলে চ্যাম্পিয়ন মরিসিও পচেত্তিনোর দল? নতুন স্টেডিয়াম গড়ে ওঠার আগ পর্যন্ত আগামী ২০ মাস ওয়েম্বলিতে খেলবে স্পাররা। কেন-আলি-এরিকসনদের নিয়ে গড়া দলটাও প্রিমিয়ার লিগে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। তবে এই মৌসুমে এখনো কোনো খেলোয়াড় কেনেনি টটেনহাম, অন্যদিকে ক্লাব ছেড়ে সিটিতে গেছেন রাইটব্যাক কাইল ওয়াকার। শেষ পর্যন্ত খেলোয়াড় না কেনাটাই না ভোগায় তাদের!
এই ছয়টি ক্লাবের মধ্যেই শিরোপার লড়াইটা হওয়ার সম্ভাবনা। এর বাইরে রোনাল্ড কোম্যানের এভারটনও এবার অনেক ‘খরচাপাতি’ করেছে। তবে এই হেভিওয়েটদের চমকে দিয়ে অন্য কোনো দলও যে আরেকটা ‘লেস্টার সিটি’ রূপকথা লিখবে না, সে নিশ্চয়তা কে দিচ্ছে!
কে কতবার চ্যাম্পিয়ন
১৩
ম্যানচেস্টার ইউনাইটেড
৫
চেলসি
৩
আর্সেনাল
২
ম্যানচেস্টার সিটি
১
ব্ল্যাকবার্ন রোভার্স
১
লেস্টার সিটি
শুধু প্রিমিয়ার লিগেই নয় ইংল্যান্ডের শীর্ষ লিগের ১২৯ বছরের ইতিহাসেও সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড, মোট ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শিরোপা জয়ে এরপরই আছে লিভারপুল (১৮), আর্সেনাল (১৩), এভারটন (৯) ও অ্যাস্টন ভিলা (৭)।