>

আমি বিদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলানোর বিপক্ষে নই। কারণ গোটা বিশ্বই চলছে এই নিয়মে কাজী সালাউদ্দিন সভাপতি, বাফুফে
সাবেক ফুটবল কোচ ও ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপু বলছেন, ‘ভাড়াটে দিয়ে যুদ্ধ জয় হয় না।’ বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলছেন, ‘নগদ কিছু সাফল্য তো দরকার।’ তিন আফ্রিকানের নাগরিকত্বের পক্ষে-বিপক্ষে শুধু ফুটবল অঙ্গনে নয় ঝড় উঠেছে চায়ের কাপেও। চলমান এই বিতর্কিত ইস্যুতে গতকাল কথা বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
জাতীয় দলের জার্সিতে ইসমাইল বাঙ্গুরা, কিংসলে শিগোজি, সামাদ ইউসুফকে খেলানোর সিদ্ধান্তের পক্ষে স্পষ্ট অবস্থান তুলে ধরলেন বাফুফে সভাপতি, ‘আমি বিদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলানোর বিপক্ষে নই। কারণ গোটা বিশ্বই চলছে এই নিয়মে।’
ফিফার নিয়ম অনুসারে একজন ফুটবলার কোনো দেশে টানা পাঁচ বছর খেললে সেই দেশের জাতীয়তা পেতে পারেন। সালাউদ্দিনের ধারণা, কোনো দেশে পাঁচ বছর ধরে কোনো বিদেশি খেলোয়াড় খেললে সেই দেশের প্রতি একটা দায়বদ্ধতাও তাঁর তৈরি হয়, ‘একজন ফুটবলার যদি পাঁচ বছর আমাদের দেশে থেকে রোজগার করে তাহলে তারও জাতীয় দলে দেওয়ার কিছু দায়বদ্ধতা থাকে। কোচ লোডভিক ডি ক্রুইফই বলেছিলেন, “আমার দেশ সুযোগটা নিলে তোমাদের সমস্যা কোথায়?” সারা বিশ্বে প্রচলিত এ ব্যাপারটা যদি আমার দেশের উপকারে আসে তাহলে আমি কেন ব্যবহার করব না? এটা সময়ের প্রয়োজনেই করা হচ্ছে।’
তিন ফুটবলারের নাগরিকত্বের জন্য বাফুফের পক্ষ থেকে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ। আজ এ সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে বাফুফে। এরপর সরকারই তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা চান না কাজী সালাউদ্দিন, ‘আমরা কারও আনুকূল্য চাই না। দেশের নিয়মের সঙ্গে যদি না মেলে তাহলে ওরা নাগরিকত্ব পাবে না।’
নাগরিকত্ব যদি পেয়েই যান এই তিন ফুটবলার, তাহলে তাঁদের জাতীয় দলে খেলিয়ে কতটুকু লাভবান হবে বাংলাদেশ? সালাউদ্দিনের উত্তর, ‘এতে লোকসানের কোনো রাস্তা দেখি না।’
বিদেশিদের জাতীয় দলে নিলে স্থানীয় খেলোয়াড়দের ওপর এর একটা প্রভাব পড়বে। দলে জায়গা পেতে তখন একধরনের প্রতিযোগিতাও তৈরি হবে বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমাদের ফুটবলারদের মানসিকতা এখন এমন হয়েছে যেন কেউ প্লেটে ভাত বেড়ে দিলে তবেই খাবে। লড়াই করে কেন দলে ঢোকার চেষ্টা করবে না স্ট্রাইকাররা?’