পগবা, মেসি হতে যেয়ো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল পগবা
পল পগবা

বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকেই যেন দুঃসময় শুরু হয়ে গেছে পল পগবার। মাঠে একটু খারাপ খেললেই শুরু হয়ে যাচ্ছে সমালোচনা। গায়ে সেঁটে যাওয়া ৮৯ মিলিয়ন পাউন্ড মূল্যটা যেন জেঁকে বসেছে এই ফ্রেঞ্চ মিডফিল্ডারের মনেও। প্রতি ম্যাচেই বাড়তি কিছু করার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটা দলের কোনো কাজে আসছে না। উল্টো সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে তাঁকে নিয়ে।
ইউনাইটেড কিংবদন্তি পল স্কোলসের চোখেও ধরা পড়েছে পগবার এ অবস্থা। ইউরোপা কাপে ফেইনুর্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হওয়ার পর পগবার সমস্যাটাও খুঁজে পেয়েছেন স্কোলস, ‘পগবা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আজও (পরশু) ভালো করেনি। তবে এটা (পগবার সেরাটা) আসবে, এখন তো মাত্র শুরু। তবে ওকে মাঝে মাঝেই ছন্নছাড়া মনে হচ্ছে। আমার ধারণা, সে বল নিয়ে একটু বেশি কিছু করার চেষ্টা করছে।’
স্কোলসের চোখে দলের জন্য বাড়তি কিছু করতে গিয়ে নিজের ক্ষতিই করছেন পগবা। তাঁর চোখে ফ্রেঞ্চ মিডফিল্ডার মেসির মতো একাই ম্যাচ জেতানোর চেষ্টা করছেন, যা আসলে তাঁর কাছে দল আশা করে না, ‘সে একসঙ্গে তিন-চারজন খেলোয়াড়কে কাটানোর চেষ্টা করছে, বল নিয়ে দৌড়াচ্ছে। ওর উচিত আপাতত সহজ, স্বাভাবিক খেলা। ইউনাইটেড তো এই (পগবা এখন যেভাবে খেলছে) খেলোয়াড়কে কেনেনি। তারা একজন মেসিকে কেনেনি যে পাঁচজন খেলোয়াড়কে বোকা বানাবে আর প্রতিবার জালে বল পাঠাবে। তারা একজন শক্তিশালী মিডফিল্ডার কিনেছে যে অন্যদের কাছ থেকে বল কেড়ে নিতে পারে।’
স্কোলস মনে করেন, পগবার নিজের শক্তির দিকটাকেই কাজে লাগানো উচিত। পগবার সেরাটা বের করে আনতে ইউনাইটেডকে স্কোলস একটা প্রস্তাবও দিয়েছেন, ‘তার ভালো স্কিল আছে। সে সামনে পাস দিতে পারে, দৌড়াতে পারে। সে যদি বলটা শুধু দু-একবার নড়াচড়া করে ইব্রাহিমোভিচকে দিয়ে দেয় আর নিজে একটা জায়গা নিয়ে নেয় তাহলে অন্য দলগুলো পাত্তাই পাবে না। তার এত শক্তি, এত গতি! ওর সঙ্গে খেলা নিয়ন্ত্রণ করতে পারে এমন একজন মিডফিল্ডার থাকা দরকার। যে পগবার নড়াচড়া নিয়ন্ত্রণ করবে বলের জোগান দিয়ে। লুকা মডরিচ কিংবা টনি ক্রুসের মতো একজনকে দরকার ইউনাইটেডে। এদের সঙ্গে খেলতে পারলে পগবা আরও ভালো খেলোয়াড় হবে।’ ডেইলি মেইল।