পগবা যেখানে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ তো পল পগবার বিশেষ প্রশংসা! একে এটি এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের কাছ থেকে, তার ওপর জার্মান কোচ ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ম্যারাডোনা-বোল্টের মতো দুটি খেলার দুই কিংবদন্তির সঙ্গে।

গত ইউরোতে ফ্রান্সের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই খেলেছেন পগবা। ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাই থাকতে পারেননি। কিন্তু দলে পরে এসেও মরিনহোর দলের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন। এ জন্যই পগবাকে দেখে ম্যারাডোনা-বোল্টের কথা মনে পড়েছে ক্লপের।

লিভারপুল কোচ আসলে কথা বলছিলেন রিও অলিম্পিক নিয়ে। সেখানে বোল্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখা প্রসঙ্গে বলছিলেন। এই প্রসঙ্গেই আসে পগবার কথা, ‘পগবাকে সবাই দেখেছেন। ও ইউরোতে ছিল, গ্রীষ্মজুড়ে ঘুরেছে, সেলফি তুলেছে। এরপর ইউনাইটেডে এসেই কী করল, সামান্য অনুশীলন শেষেই সাউদাম্পটনের সঙ্গে পুরো ৯০ মিনিট খেলল। আপনি ভাবতে বাধ্য, কীভাবে সম্ভব!’

সম্ভব, সেটি ম্যারাডোনাও করে দেখিয়েছেন। ক্লপই বললেন, ‘এরা সম্পূর্ণ অন্য রকম। ম্যারাডোনা ভিন্ন ছিল। সে আসলে সেভাবে অনুশীলনই করত না। জুতোর ফিতে ঠিকমতো না বেঁধেও অনুশীলন করত।’ মেট্রো।