পগবাকে 'সস্তা' পেয়ে খুশি মরিনহো
দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙে পল পগবাকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অঙ্কটা ছোট নয়, গুনে গুনে ১০৫ মিলিয়ন ইউরো খসাতে হয়েছে তাঁকে আনতে। কিন্তু ফরাসি মিডফিল্ডারের প্রতিভা ও সামর্থ্যের তুলনায় এটাও নিতান্ত কম মনে হচ্ছে ইউনাইটেড কোচ হোসে মরিনহোর কাছে। তাঁর দাবি, আর দু-এক বছর গেলেই নাকি সবাই বুঝতে পারবেন, পগবাকে কত সস্তায় পেয়েছে ইউনাইটেড!
এ মৌসুমে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন পগবা। কখনো আস্থার প্রতিদান দিয়েছেন, আবার হতাশও করেছেন। কোচ মরিনহো অবশ্য তৃপ্ত তাঁর মিডফিল্ডারের পারফরম্যান্সে। বরং যখন পগবার সমালোচনা হয়, সেটাও তাঁর ওপর অতিরিক্ত প্রত্যাশার কারণেই হয় বলে মনে করেন মরিনহো, ‘ও সব সময় কড়া নজরদারিতে আছে। সে যখন খুব, খুব ভালো খেলে, মানুষ সেটাকেই স্বাভাবিক ধরে নেয়। আর যখন একটা ম্যাচে ছন্দে থাকে না, সমালোচক-সমর্থকেরা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ওর মান এবং যত দাম, তাতে এটা তাকে এটা শুনতেই হবে।’
দলবদলের বাজারে যেভাবে খেলোয়াড়দের দাম বাড়ছে, সে অনুযায়ী পগবাকে ইউনাইটেড বেশ কম দামেই পেয়েছে বলেই বিশ্বাস মরিনহোর। এই তো কদিন আগেই পাওলো দিবালার গায়ে ১৫০ মিলিয়ন ইউরোর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। ডেলে আলি কিংবা আঁতোয়ান গ্রিজমানকে কিনতে বেশ কিছু ক্লাব নাকি পগবার রেকর্ড ভাঙতে প্রস্তুত। ইএসপিএন।