পগবার চুক্তি নিয়ে
গত মৌসুমে জুভেন্টাস থেকে ৮ কোটি ৯৩ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে পল গগবাকে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব রেকর্ড গড়া এই চুক্তি থেকে পগবার এজেন্টের আয় ৪ কোটি ১০ লাখ পাউন্ড—খবরটি চোখ কপালে তুলে দিয়েছে অনেকের। তথ্যটি ফাঁস করেছে ফুটবল লিকস। ফিফা এই ট্রান্সফারের খুঁটিনাটি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে।
পগবার এ ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন—এতে আদতে ফুটবল খেলাটির লাভ কতটা হচ্ছে? গত পরশু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক বলেছেন, পগবার ট্রান্সফারে কোনো ত্রুটি তাঁর চোখে ধরা পড়েনি। তবে দলবদলের নীতিমালা নিয়ে আরও ভাবার তাগিদ অনুভব করেছেন তিনি, ‘আমাদের কত দেওয়া উচিত খেলোয়াড়দের? এজেন্টের পকেটেই বা কত যাওয়া উচিত? একটি মাত্র চুক্তি ধরে এটিকে খারাপভাবে দেখালে কোনো লাভ নেই। হঠাৎ করে দেখানো প্রতিক্রিয়া ফলদায়ক নয়। আমরা যেটা ভাবছি তা হলো কতটা অর্থ শেষ পর্যন্ত খেলাটিতে থাকছে, যেটা লম্বা সময়ের জন্য ভালো কাজে ব্যয় করা যায়।’
ফিফার হিসাব অনুযায়ী, পুরো বিশ্বে প্রতি দলবদলে ৩০০ কোটি ডলার খরচ করে ক্লাবগুলো। এত অর্থের কারবার বলেই দলবদলে আরও স্বচ্ছতা আনতে চাইছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও, ‘ট্রান্সফারের নিয়মগুলো খতিয়ে দেখতে হবে আমাদের...সারা বিশ্বে ট্রান্সফার উইন্ডোতে ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়, এটা অনেক অর্থ। আমাদের এ বিষয়গুলো নিয়ে স্বচ্ছ হতে হবে।’ এএফপি।