পগবার জন্য বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলের নতুন ছাঁটে পল পগবা  l মেইল অনলাইন
চুলের নতুন ছাঁটে পল পগবা l মেইল অনলাইন

চুলের অদ্ভুত ছাঁট তাঁকে খবরের শিরোনামে এনেছে আগেই। গোল, অসাধারণ ফুটবলশৈলীর পাশাপাশি আর যেসব কারণে পল পগবাকে নিয়ে আলোচনা হয়, তার মধ্যে চুলের ছাঁটও একটি। চুলের নতুন ছাঁট দিয়েছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার এবং যথারীতি এবারও শিরোনামে। এমন এক সময়ে, যখন আগামী মৌসুমে পগবার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আলোচনাটা যেন থামতে চাইছে না।
জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে পগবাকে নিয়ে যে দড়ি টানাটানি চলছে, তাতে এটি এই মৌসুমে দলবদলের সবচেয়ে বড় নাটকেরই জন্ম দিতে পারে। ইউনাইটেড তাঁদের ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে চায়। একেবারে ‘মুফতে’ ছেড়ে দেওয়া ছেলের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও কার্পণ্য নেই ইংলিশ ক্লাবটির। আর জুভেন্টাস চায় দলের প্রাণভোমরাকে ধরে রাখতে।
তবে পগবাকে দেখে কে বলবে, ওসব তাঁর মস্তিষ্কের ভাবনাতরঙ্গে বিন্দুমাত্র আলোড়ন তুলছে? ইউরোর ফাইনালে হারের হতাশা ভুলতে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। তার আগে নিজের ইনস্টাগ্রামে এই ‘ছুটির সময়ের চুলের’ ভিডিও পোস্ট করেছেন। চুলে ধবধবে সাদা রং। শুধু বাঁ দিকে কানের ওপরের অংশটাতে ঢেউ খেলানো কালো একটু অংশ; আর ডান দিকে আঁকাবাঁকা একটা সারি।
চুলের অদ্ভুত ছাঁট আর পগবার ‘রোমান্টিক’ গল্প তো পুরোনো কাসুন্দি। নতুন মসলা জোগাচ্ছে তাঁর দলবদল। পগবা কি আসলেই ‘ঘরে’ ফিরবেন?
ইউনাইটেডের মূল দলে সুযোগ পাচ্ছিলেন না দেখে ২০১২ সালে যোগ দেন জুভেন্টাসে, ‘ফ্রি এজেন্ট’ হিসেবে। চার বছরে জুভদের হয়ে চারটি ইতালিয়ান লিগও জিতেছেন। উঠে এসেছেন বিশ্বসেরা মিডফিল্ডারদের সারিতে। এখন হোসে মরিনহোর অধীনে পুরোনো দাপটে ফিরতে চাওয়া ইউনাইটেড ফেরাতে চায় পগবাকে।
তবে দুই ধরনের গুঞ্জনই সমান্তরালে চলছে। কখনো শোনা যাচ্ছে, পগবার নিজের ইচ্ছে আছে ফেরার, দুই ক্লাবের মধ্যে সমঝোতাও হয়ে গেছে। আবার এও শোনা যাচ্ছে, পগবাকে ধরে রাখতে নতুন চুক্তির প্রস্তাব করেছে জুভেন্টাস। তাঁর এজেন্ট মিনো রাইওলাও বলেছেন, ‘পলের ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হচ্ছে। তবে সে জুভেন্টাস নাও ছাড়তে পারে। জুভেন্টাস ওকে বেশ ভালো রেখেছে। দুর্দান্ত একটা ক্লাব, ওর ওপর ভরসাও করে।’ তবে ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড কর্তাব্যক্তিরা মোটামুটি নিশ্চিত, পগবা আসবেন। যদিও ঘরের ছেলেকে ঘরে ফেরাতে অনেক বিড়ম্বনাই পোহাতে হতে পারে ‘রেড ডেভিলদের’।

অবশ্য একবার ছেড়ে দিয়ে কোনো ‘সম্পদ’ পরে অধিকার করতে গেলে এমন বিড়ম্বনা তো কিছু হবেই। ডেইলি মেইল।