পগবার দিকেও হাত বাড়িয়েছিল বার্সেলোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার জার্সিতে নয়; পগবাকে মেসির ক্লাব সতীর্থ হিসেবে বার্সেলোনায় দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। ফাইল ছবি
আর্জেন্টিনার জার্সিতে নয়; পগবাকে মেসির ক্লাব সতীর্থ হিসেবে বার্সেলোনায় দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। ফাইল ছবি
>পল পগবাকে কিনতে চায় বার্সেলোনা! এমন একটা খবরে বেশ শোরগোল পড়ে গেছে। দুই বছর আগে তখনকার বিশ্ব রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পগবাকে জুভেন্টাস থেকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড


হোসে মরিনহোর মেজাজ এমনিতেই তিরিক্ষি হয়ে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ নাকি সেই কবে ক্লাব কর্তৃপক্ষকে লম্বা লিস্টি ধরিয়ে দিয়েছিলেন। এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কাকে কাকে তাঁর চাই। ইউনাইটেড সেখানে বলার মতো কেবল একজনকেই কিনেছে। ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড। এ-ই যখন অবস্থা, তখন উল্টো ম্যানচেস্টার থেকেই নাকি বার্সেলোনায় খেলোয়াড় টেনে নেওয়ার চেষ্টা হয়েছিল। তা-ও যে-সে নয়; এবারের বিশ্বকাপে আলো ছড়ানো পল পগবাকেই চেয়েছিল বার্সা! যে পগবাকে দুই বছর আগে তখনকার বিশ্ব রেকর্ড দামে কিনেছিল ইউনাইটেড!

তখনকার ১০৫ মিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া পগবার জন্য বার্সেলোনার প্রস্তাবটা ছিল, দুজন খেলোয়াড়কে তারা দেবে। সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরো। সেই দুই খেলোয়াড় হলো আন্দ্রে গোমেজ ও ইয়েরি মিনা। কলম্বিয়ান ডিফেন্ডার মিনা গত বিশ্বকাপেও তিন গোল করেছেন। তিনটিই হেড থেকে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো ডিফেন্ডার তিন গোল করেছেন। রক্ষণের পাশাপাশি কর্নারের সময়ও মিনা দুর্দান্ত। যদিও বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে ঠিক মানানসই নন।

গোমেজ মিডফিল্ডে খেলেন। বার্সেলোনার প্রস্তাব একেবারেই খারাপ ছিলও না। পগবার এজেন্ট মিনো রাইওলা ম্যানচেস্টারে নাকি উড়েও গিয়েছিলেন। রাইওলাই নাকি আসলে কলকাঠি নেড়েছেন। বার্সেলোনা নয়, রাইওলার পক্ষ থেকেই প্রথমে বার্সার সঙ্গে যোগাযোগ করা হয়। জানতে চাওয়া হয়, পগবার ব্যাপারে তারা আগ্রহী কি না। পগবার সঙ্গে ইউনাইটেড কোচ মরিনহোর সম্পর্ক নাকি ভালো নয়। পগবা নিজেও সমর্থকদের মন জয় করতে পারেননি। ইতালিতে যে খেলাটা দেখিয়েছিলেন, ইংলিশ লিগে তা পারেননি; এ-ও সত্যি।

তখন বার্সেলোনা ইউনাইটেডকে প্রস্তাব দেয়। ইউনাইটেড পত্রপাঠ এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। সদ্যই বিশ্বকাপ জিতে এসে দলে যোগ দেওয়া পগবাকে বেচার কোনো আগ্রহ তাদের নেই। তা ছাড়া বার্সার প্রস্তাবটাও এসেছে অনেক দেরিতে। আগামী বৃহস্পতিবারই ইংলিশ ফুটবলের দলবদল শেষ হয়ে যাচ্ছে। মাত্র দুদিনের মধ্যে পগবার পছন্দসই বিকল্প তারা কোথায় পাবে। গোমেজ ভালো মিডফিল্ডার। তবে পগবার মানের তো অবশ্যই নন।

শেষ পর্যন্ত পগবার বদলিটা তাই হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। তা না হলেও দলবদলের বাজারে বার্সেলোনা বেশ ভালোই শোরগোল ফেলে দিয়েছে। রোমার মুখ থেকে ছিনিয়ে এনে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমকে। আন্দ্রেস ইনিয়েস্তা আর পাউলিনহোর শূন্যতা পূরণে দলে ভিড়িয়েছে আর্থার আর আর্তুরো ভিদালকে। তবে এখন আরও বড়মাপের মিডফিল্ডার খুঁজে ফিরছে বার্সা। কিনতেই হবে এমন নয়; তবে ভালো বিকল্প পেলে বার্সা সুযোগটা হাতছাড়া করবে না বলে জানিয়েছেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

৩১ আগস্ট পর্যন্ত স্প্যানিশ ফুটবলের দলবদল চলবে। আর বার্সেলোনার প্রথম ম্যাচ ১২ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। স্প্যানিশ সুপার কাপে তারা মুখোমুখি হবে সেভিয়ার।