পচেত্তিনোকে রাখবে পিএসজি?
২০১১ সালে কাতারের ধনকুবের নাসির আল খেলাইফি পিএসজি কিনে নেওয়ার পর পাল্টে যায় ক্লাবটির খোলনলচে। তারকা খেলোয়াড় কিনতে শুরু করে তারা। পরের মৌসুম থেকেই ফ্রান্সের ফুটবলে রাজ করতে শুরু করে পিএসজি। ২০১২–১৩ মৌসুম থেকে ২০২০–২১, এই আট মৌসুমে সাতবার ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনো তারা তেমন কোনো ছাপ ফেলতে পারেনি। কিন্তু একটা চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা তাদের অধরাই থেকে যাচ্ছে।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে ২০১৭ সালে পিএসজি বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভেড়ায় নেইমারকে। সেবারই ধারে মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পেকেও নিয়ে নেয় প্যারিসের ক্লাবটি। পরের বছর এমবাপ্পেকে পাকাপাকিভাবে নিজেদের করে নেয় তারা। কিন্তু পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন আর পূরণ হয় না! এ মৌসুমে তো নেইমার–এমবাপ্পের সঙ্গে যোগ হয়েছেন লিওনেল মেসি। তর্কসাপেক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণত্রয়ীকে পেয়ে পিএসজির মালিকপক্ষ আর সমর্থকেরা আরও বেশি করে স্বপ্ন দেখতে শুরু করেছিল এবার।
কিন্তু এবারও তাদের স্বপ্ন ভেঙে গেল শেষ ষোলোতেই। কাল রিয়াল মাদ্রিদের কাছে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩–১ গোলে হেরে গেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩–২ গোলে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে মেসি–নেইমার–এমবাপ্পেদের দল। এরপর তো দলটির কোচ মরিসিও পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেছে। আক্রমণভাগে মেসি, নেইমার, এমবাপ্পে। মাঝমাঠে আছেন মার্কো ভেরাত্তি ও আনহেল দি মারিয়ার মতো ফুটবলার। এমন একটি দলই কি না এভাবে উড়ে গেল রিয়ালের কাছে! কোচের সামর্থ্য আর কৌশল নিয়ে তো প্রশ্ন উঠবেই!
পিএসজি কাল রিয়ালের কাছে উড়ে গেছে মূলত করিম বেনজেমার ১৭ মিনিটের দুর্দান্ত এক হ্যাটট্রিকে। পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো ও ক্রীড়া পরিচালক লিওনার্দো অবশ্য ম্যাচ শেষে আঙুল তুলেছেন রেফারির দিকে। রিয়ালের প্রথম গোলটি নিয়ে অভিযোগ ছিল তাঁদের। আর পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি ক্ষোভ ঝারতে শেষ বাঁশি বাজতেই ছুটে গেছেন রেফারিদের ড্রেসিংরুমে।
প্রাথমিক রাগটা একটু প্রশমিত হওয়ার পর লিওনার্দো কথা বলেছেন অন্য বিষয় নিয়ে। সেটা পচেত্তিনোর ভবিষ্যৎ প্রসঙ্গে। তাঁর কথাতেই ইঙ্গিত ছিল, পিএসজির আর্জেন্টাইন কোচ বরখাস্ত হতে পারেন! ম্যাচ শেষে লিওনার্দো আরএমসি স্পোর্তকে বলেছেন, ‘পচেত্তিনো এ মৌসুমে আমাদের প্রজেক্টেরই অংশ থাকছেন।’ এ মৌসুমে পিএসজির অংশ থাকছেন, তাহলে কি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটি বিদায় করে দেবে তাদের আর্জেন্টাইন কোচকে!