পঞ্চম দিনের শেষ সেশনে নেওয়াটাই সান্ত্বনা ইংল্যান্ডের

পাঁচ উইকেট পেয়েছেন ঝাই রিচার্ডসনছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনেই ইংল্যান্ড বুঝে গেছে, এই টেস্টে জেতার চেষ্টা করে লাভ নেই। শেষ ইনিংসে ৪৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৮২ রান তুলতেই ৪ উইকেট শেষ ইংলিশদের। ইতিহাসেই যেখানে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জয়ের রেকর্ড নেই, সেখানে এ অবস্থায় ম্যাচ জেতার আশা করা বাড়াবাড়ি। শামুকের গতিতে ব্যাট চালিয়ে শেষ দিনটা কোনোরকমে পার করে হার এড়াতে নেমেছিলেন স্টোকসরা।

ম্যাচ ড্র করার জন্য দাঁতে দাঁত চেপে দিন পার করার চেষ্টা করছিলেন ইংলিশ ব্যাটসমানরা। তাই বলে দিনের তিন সেশনে ইংল্যান্ডের ছয় উইকেট তুলে নিতে পারবে না, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অত ভোঁতাও নয়! মূল দুই পেসার প্যাট কামিন্স আর জশ হ্যাজলউডের অনুপস্থিতিও অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়নি। ২৭৫ রানে অ্যাশেজের দ্বিতীয় টেস্টও জিতেছে অস্ট্রেলিয়া।

হ্যাজলউডের জায়গায় সুযোগ পাওয়া ঝাই রিচার্ডসন তুলে নিয়েছেন পাঁচ উইকেট। মেলবোর্নের তৃতীয় টেস্টে ফেরার অপেক্ষায় হ্যাজলউড। তৃতীয় টেস্টে রিচার্ডসনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই মাথাব্যথা হবে অস্ট্রেলিয়ান নির্বাচকদের!
চেষ্টা যতই করা হোক, অবিশ্বাস্য কিছু করতে একটু ভাগ্যের ছোঁয়াও লাগে। সেটা আজ হাড়ে হাড়ে টের পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বাটলারের আউট হওয়ার ধরন দেখে সেটা পরিস্কার বোঝা গেছে।


বাটলার একাই লড়ছিলেন। ২০০ বলের বেশি খেলেছেন। জয়ের আশা নেই দেখে রান তোলার চেষ্টাও সেভাবে করেননি। ২০৭ বলে ২৬ রানের এই ইনিংস টেস্টে অন্তত ১০ পেরোনো ইনিংসের ক্ষেত্রে তাঁর ধীরতম। প্রথমে ক্রিস ওকসের সঙ্গে ৩১.২ ওভার কাটিয়ে দিয়েছিলেন। ঝাই রিচার্ডসনের বলে বোল্ড হওয়ার আগে ৯৭ বলে ৪৪ রান করেছেন ওকস।

ইংল্যান্ডকে আউট করতে এক পর্যায়ে বল হাতে নিয়েছিলেন স্টিভেন স্মিথও
ছবি : এএফপি

ওলি রবিনসনকে সঙ্গ করে আবারও একটা প্রতিরোধের আশা জাগিয়েছিলেন। কিন্তু ওকসের মতো অতটা ভরসা জোগাতে পারেননি। ১৪.২ ওভারেই থেমেছে অস্টম উইকেট জুটি। তবু লড়াই থামাননি বাটলার।


কিন্তু ভাগ্য তো পক্ষে থাকতে হবে। রিচার্ডসনের বলটা ঠিকঠাক ঠেকিয়েছিলেন, কিন্তু ঠেকাতে গিয়ে বেশি পেছনে চলে আসেন। এতক্ষণ ধরে অস্ট্রেলিয়ান বোলারদের হাপিত্যেশ করতে বাধ্য করা বাটলার শেষমেশ আউট হলেন হিট উইকেটে। ব্রড-অ্যান্ডারসন জুটি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছে।


এর আগে দিনের শুরুটা যতটা বাজেভাবে হওয়া সম্ভব, সেভাবেই হয়েছে। দিনের তৃতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন ওলি পোপ। বাটলারকে সঙ্গী করে দলকে ১০০ পার করার পর বিদায় নিয়েছেন স্টোকস।

এভাবেই নিজের বিপদ ডেকে এনেছেন বাটলার
ছবি : এএফপি

খালি চোখে মনে হয়েছিল নাথান লায়নের বলটা বেন স্টোকসের প্যাডে আঘাত করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে। আম্পায়ারও অস্ট্রেলীয়দের আবেদনে সাড়া দেননি। শুধু প্যাট কামিন্সের জায়গায় এই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কের স্টিভ স্মিথেরই মনে হয়েছিল, এটা আউট। উইকেটের কাছে নিজে গিয়ে নিশ্চিত হলেন, বলটা আসলে উইকেটের কোথায় পড়েছে। এরপর লায়নের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেই সিদ্ধান্ত নিলেন রিভিউ নেওয়ার। আর তাতেই কপাল পুড়ল স্টোকসের। ৭৭ বলে ১২ রান করে আউট হন স্টোকস। প্রথম ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ফেলার পরই এই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল।


প্রথম টেস্টের মতো তাই দ্বিতীয় টেস্টেও হারই সঙ্গী হয়েছে ইংল্যান্ডের। তৃতীয় টেস্ট শুরু হবে ২৬ তারিখ থেকে, মেলবোর্নে।