পঞ্চমবারের মতো ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবলের (ফিফা) সভাপতি পদে সেপ ব্ল্যাটার (৭৯) পুনর্নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি ফিফার সভাপতির দায়িত্ব পেলেন।
আজ শনিবার রয়টার্সের খবরে জানানো হয়,নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলী বিন আল হুসেইন ভোটাভুটির দ্বিতীয় রাউন্ডে প্রার্থিতা প্রত্যাহার করলে ব্ল্যাটার জয়ী হন।
ফিফার নিয়মানুযায়ী,সংগঠনটির সভাপতি হতে মোট ভোটের দুই তৃতীয়াংশ ভোট পেতে হয়।কিন্তু প্রথম রাউন্ডের ব্ল্যাটার ১৩৩ ভোট ও যুবরাজ আলী ৭৩ ভোট পান। এতে ভোটাভুটি দ্বিতীয় রাউন্ডে গড়ায়। কিন্তু দ্বিতীয় রাউন্ডের শুরুতে যুবরাজ আলী প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়,বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে ব্ল্যাটার বলেন,‘ আমি নির্ভুল নই, কেউই নির্ভুল নয়। কিন্তু একটি ভালো কাজ আমাদের মিলে মিশে করতে হবে।’
গত বুধবার দুর্নীতির অভিযোগে ফিফার সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে সুইজারল্যান্ডের জুরিখ থেকে আটক করা হয়। এতে ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়।
এ ঘটনার পর অনেকেই সেপ ব্ল্যাটারকে ফিফার ছাড়ার আহ্বান জানান। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্ল্যাটারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন,তিনি ‘যত তাড়াতাড়ি পদ ছাড়বেন,ততই ভালো’।
সেপ ব্ল্যাটারকে ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। সংবাদ সম্মেলনে প্লাতিনি বলেন,‘আমি তাঁকে বললাম, যথেষ্ট হয়েছে, সেপ। আর নয়। এবার পদত্যাগ করুন।’
কিন্তু নানা সমালোচনার পরও শেষ পর্যন্ত ফিফার সভাপতি পদে ব্ল্যাটারই পুনর্নির্বাচিত হলেন। এর পরই ২০১৮ ও ২০২২ এর বিশ্বকাপ রাশিয়া ও কাতারেই হবে ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।