পত্রিকা বিলি করেন, ফুটবলও ভালো খেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন প্রবল বর্ষণে মাঠ আর মাঠ ছিল না! কোথাও হাঁটুপানি, কোথাও থিকথিকে কাদা। তবু সেটি জমজমাট ফুটবলে বাধা হয়ে দাঁড়ায়নি। থিকথিকে কাদায় পিছলে পড়ার আগে চোখধাঁধানো ড্রিবলিং, হেড কিংবা মুগ্ধ করা বাইসাইকেল কিক—যাঁরা এই উপভোগ্য ফুটবল উপহার দিলেন, তাঁরা কেউ পেশাদার ফুটবলার নন। তাঁদের কাজ সাতসকালে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দেওয়া।

রাজধানীর হকারদের নিয়ে রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আজ দিনব্যাপী প্রথম আলো আয়োজন করে হকার প্রীতি টুর্নামেন্ট। মোট ২৪টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে নামে কোনাবাড়ী-নবাবপুর। ম্যাচের ৫ মিনিটে কাউসার হাসানের শটে এগিয়ে যায় কোনাবাড়ী। পরে সেটি আর শোধ দিতে পারেনি নবাবপুর।

পেশাগত ব্যস্ততার পাশাপাশি শখের বশেই সবাই খেলেন ফুটবল। ফাইনালের গোলদাতা কাউসার হাসান যেমন বললেন, ‘পত্রিকা বিক্রির পাশাপাশি ফুটবল খেলা হয় সাধারণত বেলা তিনটার পর। স্বপ্ন দেখি পেশাদার ফুটবলার হওয়ার।’ তিন গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরার রাশেদুল কবির। নেইমারের ভীষণ ভক্ত তিনি। বর্তমান পেশা যেটাই হোক, তাঁরও স্বপ্ন ফুটবল ঘিরে, ‘আমার মরহুম বাবা এলাকায় পরিচিতি পেয়েছিলেন ফুটবল দিয়ে। বাবার কাছ শেখা খেলাটা চালিয়ে যেতে চাই সামনেও।’

প্রথম আলোর আয়োজনে হকার প্রীতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে গাজীপুরের কোনাবাড়ী।
প্রথম আলোর আয়োজনে হকার প্রীতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে গাজীপুরের কোনাবাড়ী।

বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩০ হাজার টাকা, রানার্সআপ দল ১৫ হাজার টাকা। আর তিন গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রাশেদুল পেয়েছেন পাঁচ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, হিসাব মহাব্যবস্থাপক জসিম উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন ব্যবস্থাপক কবির বকুল।