পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া জঙ্গিদের লক্ষ্য ছিল মেসিরাও!

>২০১৭ সালের ১৭ আগস্ট থমকে গিয়েছিল বার্সেলোনা। দিনের পরিষ্কার আলোয় লাস রাম্বলাসের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন এক জঙ্গি। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু ঘটেছে।
২০১৭ সালের ১৭ আগস্ট থমকে গিয়েছিল বার্সেলোনা। দিনের পরিষ্কার আলোয় লাস রাম্বলাসের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল এক জঙ্গি। ঘটনাস্থলেই মারা যান ১৩ জন। ১৩০ জন আহত হয়েছিলেন সে ভয়ংকর দুর্ঘটনায়। যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানের সে ভয়ংকর ঘটনার ১০ দিন পর।
হামলাটির সঙ্গে জড়িত সংগঠনের আরেকটি দল ৯ ঘণ্টা পরে প্রায় একই রকম আরেকটি হামলা করেছিল ক্যামব্রিলসে। সে হামলায় এক পথচারী নিহত হন, হামলায় জড়িত পাঁচজন পুলিশের গুলিতে নিহত হন সেদিন। সে ঘটনার বছরপূর্তি এগিয়ে আসতে আসতেই আরও ভয়ংকর সব তথ্য বেড়িয়ে আসছে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এ ঘটনার পর ন্যু ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠনটি! ২০ আগস্ট বার্সেলোনা-বেটিস ম্যাচে স্টেডিয়ামে হামলার পরিকল্পনাও ছিল তাদের।
স্প্যানিশ পত্রিকা এল পেরিওদিকো দাবি করেছে, লাস রাম্বলাস ও ক্যামব্লিলসে হামলার পর ২০ তারিখ আরও বেশি কিছু জায়গায় হামলার ইচ্ছা ছিল জঙ্গি সংঘটনটির। গোয়েন্দারা দাবি করেছে, হামলার তদন্তের সময় বেশ কিছু তথ্য বের হয়েছে, যাতে পরিষ্কার ইঙ্গিত ছিল ক্যাম্প ন্যু ছিল তাদের পরবর্তী লক্ষ্য। সেই হামলায় জড়িত মোহাম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার বিখ্যাত স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল। তদন্তের সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছে, এটা খুবই সম্ভব প্যারিসে সেন্ট ডেনিস স্টেডিয়ামে ফ্রান্সের খেলার সময় যেভাবে হামলা হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে হামলা করতে চেয়েছিল এরা।
এ ছাড়া বার্সেলোনার অফিশিয়াল দোকানেও হামলাকারীর দলের অন্তত দুই সদস্যকে (ক্যামব্রিলসে নিহত) কেনাকাটা করতে দেখা গিয়েছিল। দোকান থেকে সমর্থকদের মতোই বিভিন্ন পণ্য কিনছিলেন তারা। ম্যাচের দিন সমর্থক সেজে হামলার পরিকল্পনা থেকেই তারা গিয়েছিলেন বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।