পথশিশুদের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলবয়। কেউ প্রেসবক্সে ফাইফরমাশ খাটে। কেউ কেউ স্টেডিয়ামের আশপাশে পরিত্যক্ত কাগজ ও প্লাস্টিকের বোতল কুড়ায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামই যেন তাদের বাড়িঘর। সমাজের সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোর স্টেডিয়ামে থাকলেও কখনো খেলার সুযোগ পায় না। এই পথশিশুদের নিয়ে এবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে ইলেকট্রনিকস পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল শুরু দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে—ওয়ালটন, মার্সেল, নাইন স্টার ও পল্টন একাদশ। প্রতিটি দলে ১২ জন ফুটবলার থাকলেও মাঠে খেলতে পারবেন ৬ জন। সিক্স-এ-সাইড টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ৬০ মিনিটের। ম্যাচ ড্র হলে নিষ্পত্তি হবে টাইব্রেকারে। ট্রফি ছাড়াও অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাবে পাঁচ হাজার করে টাকা।
এর আগে গত বছর টোকাইদের নিয়ে কাবাডি টুর্নামেন্ট করেছিল ওয়ালটন। কাল পথশিশুদের ফুটবল নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ইয়াহিয়া ওয়ালটনকে ধন্যবাদ জানান।