পথহারা শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁদের তো এভাবেই ম্যাচের পর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। শেখ রাসেলকে লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ দিলেন রহমতগঞ্জের এই দুজন—ডিফেন্ডার আলাউদ্দিন (বঁায়ে) ও মিডফিল্ডার নয়ন। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ছবি l সৌরভ দাশ
তাঁদের তো এভাবেই ম্যাচের পর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। শেখ রাসেলকে লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ দিলেন রহমতগঞ্জের এই দুজন—ডিফেন্ডার আলাউদ্দিন (বঁায়ে) ও মিডফিল্ডার নয়ন। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ছবি l সৌরভ দাশ

রহমতগঞ্জ দ্বিতীয় গোলটা করার পরপরই ভিআইপি বক্সের নিচে ‘চিপস’ বিতরণ শুরু করলেন দু-তিনজন উৎসাহী দর্শক। পায়জামা-পাঞ্জাবি আর মাথায় টুপি পরা বয়স্ক মানুষগুলো আসলে রহমতগঞ্জেরই সমর্থক। শেখ রাসেলের বিপক্ষে ২-০ গোলের এমন জয়ে চাইলে তাঁরা মিষ্টি বিতরণও করতে পারতেন!
কিন্তু শেখ জামালের সমর্থকেরা উচ্ছ্বাসে ভেসে যাননি। তাঁরা তো জানেনই ড্র দিয়ে লিগ শুরু করে দ্বিতীয় ম্যাচেই উত্তর বারিধারার বিপক্ষে ৫-৩ গোলের জয়টা স্বাভাবিক। উত্তর বারিধারারও দুঃখে কাতর হওয়ার কিছু নেই। শেখ রাসেলকে ১-০ গোলে হারানোর সেই স্বপ্নযাত্রা দ্বিতীয় ম্যাচেই থেমে গেল আসলে শেখ জামালের শক্তির কাছেই।
কিন্তু শক্তির পাল্লায় এগিয়ে থেকেও শেখ রাসেল শুধু পথই হারাচ্ছে। কোচ মারুফুল হক যেন এক পথহারা পথিক। মাঠ থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, মনে হলো শরীরে তাঁর প্রাণ নেই, ভেতরে রক্তক্ষরণ হচ্ছে অবিরাম। তবে মারুফ বরাবর শক্ত মনের মানুষ। টানা হারেও মাস্তুলটাকে খাড়াই রাখতে চান। ম্যাচের পর ‘আমি দুঃখিত, হতাশ, বেদনাহত’—বলে কিছুক্ষণ থামেন। খানিক পরই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাঁর কণ্ঠে, ‘আমাদের সামনে এখনো ২০টি ম্যাচ বাকি আছে। আমার বিশ্বাস, ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব।’
মারুফের দাবি, ৮৫ মিনিট পর্যন্ত প্রাধান্য নিয়ে খেলেছে শেখ রাসেল। হ্যাঁ, শেখ রাসেলের প্রাধান্য ছিল সংশয়াতীত। তবে তাঁর দলের খেলাটা যেন ঠিক পরিকল্পিত নয়। তবু মারুফ বলেন, ‘প্রথম ম্যাচে হারের পর আমরা আজ ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। শুরুটা সেভাবেই হয়েছিল। সুযোগও এসেছে অনেক। কিন্তু কাজে লাগানো যায়নি। গোল না হলে জিতব কী করে।’ সত্যি কথাই, গোল না পেলে জিতবেন কী করে!
এমিলি, শাখাওয়াত রনি, মিঠুন, কোমল চোটের কারণে অনেক দিন বাইরে। হালকা চোটের সঙ্গে শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেয়ে ফিকরু তেরেফাও চট্টগ্রামে আসেননি। সবেধন নীলমণি পল এমিলিই খেলাটা গড়েন। কালও গড়লেন। কিন্তু অতিরিক্ত ড্রিবলিং করে বল হারালেন কয়েকবার। ম্যাচের সহজতম সুযোগ হাতছাড়া করলেন এই পলই, ফাঁকা পোস্ট পেয়েও গা-ছাড়াভাবে বল মারলেন বারের ওপর দিয়ে।
গোলের আশায় এদিন কোচ মারুফ স্ট্রাইকিং পলের সঙ্গে জুড়ে দিলেন ডিফেন্ডার মিন্টু শেখকে। সেই মিন্টুর ওপর ভরসা করতে পারলেন মাত্র ২০ মিনিট। এরই মধ্যে দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মেরে সহজ সুযোগ হারালেন মিন্টু। তাঁকে তুলে প্রথম ম্যাচের একাদশে থাকা স্ট্রাইকার রুম্মানকে নামান। এই ফাঁকে বাজে শট নিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন আলমগীর রানা।
আগের দুটি টুর্নামেন্টে এই শেখ রাসেলের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে, তাই প্রতিশোধের মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ ছিল রহমতগঞ্জ। তবে জিতলেও চোখে পড়ার মতো খেলতে তারা পারেনি। অর্ধেক সুযোগকে পূর্ণ সুযোগে রূপ দিয়েই আসলে জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। কোচ কামাল বাবুর ট্যাকটিকসও কাজে এসেছে। ম্যাচে দুবার তিনি ফরমেশন বদলান। ৪-৪-২ ছকে সুবিধা করা যাচ্ছে না দেখে ৫-৪-১-এ যান। প্রতি-আক্রমণই রহমতগঞ্জের মূলমন্ত্র।
৭৬ মিনিটে পাল্টা-আক্রমণে মিডফিল্ডার নয়নের দারুণ শটে ১-০। ৮৮ মিনিটে ফয়সালের কর্নারে শেখ রাসেলের রাজুর হেড বাতাসে থাকতেই ডিফেন্ডার আলাউদ্দিন বক্সের ওপর থেকে দুর্দান্ত ভলিতে করেন ২-০। গোটা দলই আনন্দ করল মাঠে। তবে কামাল বাবু আনন্দে উদ্বেলিত নন, ‘শেখ রাসেলকে হারালেও আমরা ভালো খেলতে পারিনি।’
দ্বিতীয় ম্যাচে গোছানো খেলে গোল উৎসব করেছে শেখ জামাল। এনামুল দুটি, রাকিব, ল্যান্ডিং, শিহাব একটি গোল করেছেন। গোল না করেও শেষদিকে লাল কার্ড দেখে আলোচনায় ছিলেন শরীফ। বারিধারার হয়ে ব্যবধান কমান কলিন্স, সেন্টু ও মনির। প্রথম ম্যাচে দুটিসহ কাল এক দিনেই গোল হয়েছে ১০টি। প্রথম রাউন্ডে ছয় ম্যাচে হওয়া ১১ গোলের চেয়ে মাত্র একটি কম!
আজকের খেলা
ঢাকা আবাহনী-ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনী-মোহামেডান (বিকেল ৪-৩০ ও সন্ধ্যা ৭-৩০ মি., এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম)
এই মৌসুমে শেখ রাসেল
১২ ম্যাচ
৫ জয়
২ ড্র
৫ হার
গোল
পক্ষে ১৪ বিপক্ষে ১২