একটা ম্যাচ হারলেই কি সবকিছু শেষ হয়ে যায়? ম্যাচটা যদি হয় নকআউট পর্বের, উত্তরটা ‘হ্যাঁ’। বাছাইপর্বের শুরুতেই পরাজয় অশনিসংকেত বটে, কিন্তু সেটি নিয়ে তোলপাড় হওয়ার কিছু নেই। কিন্তু দলটা জার্মানি বলেই এত আলোচনা। দুই মাস আগে যারা বিপুল বিক্রমে বিশ্বকাপ জিতেছে, তারা বিশ্বকাপের রাজপথ ছেড়ে বাছাইয়ের চেনা সড়কে ঢুকেই কেন ছন্দ হারিয়ে ফেলল? বাছাইয়ে হার কাকে বলে, সেটা তো জার্মানি ২০০৭-এর পর ভুলেই গিয়েছিল। তিন দিন আগে পোল্যান্ডের কাছে ২-০ গোলের হারটা তাই শুধু একটা হারই নয়, তার চেয়েও বেশি কিছু। দুই দলের ৭১ বছরের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে জার্মানি এর আগে কখনোই প্রতিবেশীদের কাছে হারেনি! পোল্যান্ডের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আজ আয়ারল্যান্ডও জার্মানিকে ইতিহাস গড়ার হুংকার দিচ্ছে।
আজকের ইউরো বাছাইয়ের ম্যাচটা জোয়াকিম লোর কাছে অনেক দিক দিয়েই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরই ক্লোসা, লাম, মার্টেসেকারদের অবসরে একটা শূন্যতাই সৃষ্টি হয়েছে জার্মানিতে। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচেই বোঝা গিয়েছিল এটি পূরণ করা সহজ হবে না। তার পরও ৪-২ গোলের সেই পরাজয়টা ছিল প্রীতি ম্যাচে। বিশ্বজয়ীদের সিংহাসনে সেটা কাঁপন ধরাতে পারেনি। যেটা ধরিয়ে দিয়েছে পোল্যান্ড। প্রতিবেশীদের সঙ্গে ভয়ডরহীন খেলে বুঝিয়ে দিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নরা আর যা-ই হোক, অজেয় নয়। আয়ারল্যান্ডও তাই ২০ বছরের মধ্যে জার্মানির সঙ্গে প্রথম জয়ের স্বপ্নে বিভোর। চলমান ইউরো বাছাইপর্বেই জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়ে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে আইরিশরা।
পুরো ব্যাপারটাকে লো অবশ্য অন্যভাবে দেখছেন, ‘এটা খুব একটা বিস্ময়কর নয় যে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সবাই বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করে। তার ওপর বিশ্বকাপের পর দলে বেশ কিছু পরিবর্তনও এসেছে।’ খানিকটা অজুহাতের মতো শোনাচ্ছে, তবে লোর কথার সপক্ষে সাক্ষ্য দেয় ইতিহাস। চার বছর আগে বিশ্বকাপ জয়ের মাস খানেক পরই আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পেন। তবে সবচেয়ে বড় লজ্জাটা দিয়েছিল পর্তুগাল, ২০১০ সালের নভেম্বরে স্পেনকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। দেল বস্কের দল অবশ্য ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল, দুই বছর পর জিতে নিয়েছিল ইউরোও।
এসবই অবশ্য তত্ত্বকথা। লোর শেষ কথাটাই বাস্তবতা। এ মুহূর্তে জার্মানিকে নতুন করেই ঢেলে সাজাতে হচ্ছে তাঁকে। অভিজ্ঞদের অবসর তো আছেই, চোটের কারণে পোল্যান্ডের সঙ্গে শোয়েনস্টাইগার, রয়েস, খেদিরা, ওজিলদেরও পাননি লো। আজও এঁদের কাউকে পাবেন না, নতুন মুখগুলোকেই বাজিয়ে দেখতে হবে জার্মানি কোচকে।
লোর কাছে অবশ্য এসব সিঁদুরে মেঘ, ‘আগামী দুই বছরের মধ্যে আমাদের খেলোয়াড়েরা আরও বেশি অভিজ্ঞ হবে। আমাদের এসব থেকে শিক্ষা নিতে হবে। আমি নিশ্চিত, পরিস্থিতিটা বদলাবে। জীবন আসলে কঠিন নয়। এই পরাজয় সত্ত্বেও বিশ্বকাপের পর এটা আরও অনেক সুন্দর।’ শঙ্কা দেখছেন না জার্মানির ইউরো বাছাই নিয়ে, ‘আমি বাছাই নিয়ে উদ্বিগ্ন নই। বাস্তবতা হলো, এখন আমাদের পুরো পয়েন্টই দরকার।’
গেলসেনকিরচেনে আজ জার্মানি সেটা পারবে? এএফপি।