পদ্মাপারে ফুটুক জয়ের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আর ড্র নয়, শ্রীলঙ্কার সঙ্গে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ। শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত মামুনুল, মিঠুন, ওয়াহেদরা। কাল রাজশাহীর পুলিশ লাইন মাঠে l শহীদুল ইসলাম, রাজশাহী
এবার আর ড্র নয়, শ্রীলঙ্কার সঙ্গে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ। শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত মামুনুল, মিঠুন, ওয়াহেদরা। কাল রাজশাহীর পুলিশ লাইন মাঠে l শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহী শহরটা কেবলই মুগ্ধতা ছড়ায়। চওড়া রাস্তা, মসৃণ, ঝকঝকে। এমন পরিচ্ছন্ন শহর বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। এই শহরের কোল ঘেঁষে পদ্মা নদী। যেখানে একবার ঘুরে এলে মন জুড়িয়ে যায়। তবে এই সৌন্দর্য উপভোগের সময় নেই বাংলাদেশ দলের। আজ সামনে যে বড় এক চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জের চেয়ে বোধ হয় পরীক্ষা শব্দটাই বেশি মানানসই। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটিতে জিততেই হবে। যশোরে এগিয়ে গিয়েও জেতা যায়নি, ১-১ ড্র। ঘরের মাঠে দুটি ম্যাচের একটিতেও শ্রীলঙ্কাকে হারাতে না পারলে বাংলাদেশ দলের সামর্থ্যই যে হবে প্রশ্নবিদ্ধ।
সেটি আরও জোরালো ভিত্তি পাবে প্রাসঙ্গিক এই তথ্যে, সম্প্রতি কলম্বোয় এএফসি প্রেসিডেন্টস কাপে শেখ রাসেল ক্রীড়াচক্র ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল শ্রীলঙ্কার অন্যতম শীর্ষ দল বিমানবাহিনীকে। ক্লাব আর জাতীয় দলের লড়াই এক নয় অবশ্যই। তার পরও শেখ রাসেলের উদাহরণটা টেনে অনেকেই বলছেন, বাংলাদেশের জন্য আজ সত্যিই মান বাঁচানোর লড়াই।
কোচ সাইফুল বারী রণকৌশল সাজাচ্ছেন এসব মাথায় রেখেই। ম্যাচ ভেন্যু রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি তো আমার পরিকল্পনা করছি। খেলোয়াড়দেরই মাঠে করতে হবে আসল কাজটা।’ এ জন্য খেলোয়াড়দের কাছে দুটি প্রত্যাশা তাঁর। এক, যশোরের মতো গোলের সুযোগ হারানো যাবে না। দুই, ওই ম্যাচের ভুল শোধরাতে হবে।
এটাই আসল কথা। কিন্তু খেলোয়াড়েরা তৈরি তো? অধিনায়ক মামুনুল ইসলাম প্রশ্ন শুনে সাজানো উত্তরটাই দিলেন, ‘যশোরের ম্যাচের ভুল আর করব না আমরা। এটা আমাদের প্রতিজ্ঞাই বলতে পারেন।’ স্ট্রাইকার মিঠুন চৌধুরী বলছিলেন, ‘সবাই মানসিকভাবে একটু চাপের মধ্যে আছি। শ্রীলঙ্কাকে হারিয়ে মাঠ না ছাড়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না কেউ।’
জয়টা সহজে আসবে ভাবার অবশ্য কারণ নেই। শ্রীলঙ্কা দলটা বেশ টগবগে। বাংলাদেশের চেয়ে ফিটনেসে এগিয়ে। সার্বিয়ায় কয়েক দিন ক্যাম্প করে আসার ফলও মিলছে। এতেও সন্তুষ্ট নন কোচ নিকোলা জাভাকোভিচ। দলের কাছে তাঁর প্রত্যাশা আরও দ্রুতলয়ের খেলা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই সার্বিয়ানকে লাগল বেশ ফুরফুরে, ‘আমাদের হারানোর কিছু নেই। তবে আমরা জয় পেতে এককাট্টা। যশোরে দ্রুত প্রান্ত বদল করে খেলেছি। এবার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই ম্যাচটা।’
তাজিকিস্তানের সাবেক এই কোচ শ্রীলঙ্কার বড় শক্তি। দলটিতে তারকা তিনিই। ২২-২৩ বছর বয়সী একদল নবীনকে গড়ে তুলছেন সাফল্যের সঙ্গে। বাংলাদেশ দলে প্রতিষ্ঠিত খেলোয়াড় অনেক, যাঁদের আয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের চেয়ে কয়েক গুণ বেশি। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা বছরে ৮-১০ লাখ টাকার বেশি পান না ক্লাব থেকে। বাংলাদেশে গড় অঙ্ক ২০-২২ লাখ।
এই পার্থক্যটা খেলায় থাকবে না কেন? তারকা তকমায়ও এগিয়ে বাংলাদেশ। মামুনুল ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার কোচ যেটিকে দেখছেন বড় করে, ‘মামুনুল ভালো খেলোয়াড়, ওর মান অন্যদের চেয়ে একটু উঁচু।’ উইঙ্গার জাহিদের খেলা দেখে খানিকটা অবাক তিনি, ‘ওকে এর আগে যেমন দেখেছিলাম, তার চেয়ে ভালো খেলেছে যশোরে। একটু অবাকই হলাম।’
মামুনুল-জাহিদদের বোতলবন্দীই রাখতে চাইবে আজ শ্রীলঙ্কা। পারলে সোনায় সোহাগা হবে বাংলাদেশে তাদের এই প্রীতি সফর। এই লক্ষ্যে বিকেল তিনটায় শুরু ম্যাচে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও নামবে ৪-৩-৩ আক্রমণাত্মক ছকে। রাজশাহীর মাটিতেও এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ, ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপচে পড়তে পারে। তবে খেলা কতটা মন রাঙাবে, সংশয় সেটি নিয়েই। মাঠটা যে অসমান ও শক্ত।
সব এক পাশে রেখে স্বাগতিকদের জয়ই প্রত্যাশার ভরকেন্দ্রে। যশোরে হয়নি, পদ্মার পারেই ফুটুক জয়ের ফুল!