পপি প্রতীক সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো বাহুবন্ধনী, তার ওপর কাগুজে পপি ফুল। এটি পরে ম্যাচে নামায় এখন ফিফার শাস্তির ভয়ে আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে।

উদ্দেশ্যটা মহৎ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ যোদ্ধাদের স্মরণে এই প্রতীকী বাহুবন্ধনী। প্রতিবছর ১১ নভেম্বর ‘আর্মিস্টিস ডে’ (১৯১৮ সালে এই দিনেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়) উপলক্ষে ব্রিটিশরা বাহুতে পপি ফুল বা ব্রুস নামের অলংকার পরে শান্তির প্রতীক হিসেবে। পরেছে গত পরশু বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েম্বলিতেও, স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচে।

কিন্তু এটি ফিফার ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি’ নিষেধাজ্ঞার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। ম্যাচ কমিশনারের প্রতিবেদনে উল্লেখ থাকলেই ফিফা এই পপি প্রতীক নিয়ে তদন্ত করবে। সে ক্ষেত্রে শাস্তি হিসেবে দুই দলেরই পয়েন্ট কাটা হতে পারে, হতে পারে আর্থিক জরিমানাও।

অবশ্য শাস্তির ব্যাপারটি ইংল্যান্ড ও স্কটল্যান্ড আগেই জানত। যুক্তরাজ্যের অন্য দুই দেশ উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস ফিফার কাছ থেকে ‘শাস্তি হবে না’ নিশ্চয়তা না পাওয়ায় খেলোয়াড়দের পপি প্রতীক পরার অনুমতি দেয়নি, শুধু কালো বাহুবন্ধনী পরে খেলেছেন ওই দুই দলের খেলোয়াড়েরা। ফিফা অবশ্য বলছে, কেউ চাইলেও এমন অনুমতি তাঁরা দিতে পারেন না, সেটি দেওয়ার অধিকার স্বাধীন শৃঙ্খলা কমিটির।

তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান নির্বাহী মার্টিন গ্লেন যা বলছেন, সেটি ইংল্যান্ড ও স্কটল্যান্ডের জন্য শঙ্কারই, ‘২০১১ সালে যেভাবে সম্মতি পাওয়া গিয়েছিল, সেটির ভিত্তিতে কয়েক সপ্তাহ আগে ফিফার কাছে আমরা অনুমতি চেয়েছিলাম। তবে তা শুধু কালো বাহুবন্ধনী পরার ব্যাপারে, পপি প্রতীকের কথা সেখানে ছিল না। কারণ ফিফার নিয়মই আছে, রাজনৈতিক কোনো প্রতীক জার্সিতে রাখা যাবে না। ২০১১ সালেই এ নিয়ে ঝামেলা হয়েছিল ফিফার সঙ্গে, ভেবেছিলাম সেটা মিটেও গেছে। কিন্তু এখন নতুন কর্তাব্যক্তিরা এসে একটা পক্ষ নেওয়ার চেষ্টা করছেন, এটা হতাশার।’ এএফপি।