পয়েন্ট হারাল রিয়াল, জিতল বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর বিধ্বস্ত অভিব্যক্তিই বলে জানিয়ে দিচ্ছে গল্পটা ছবি: এএফপি
রোনালদোর বিধ্বস্ত অভিব্যক্তিই বলে জানিয়ে দিচ্ছে গল্পটা ছবি: এএফপি

দারুণ একটা সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের হাতের মুঠোয়। কিন্তু ঘরের মাঠে সে সুযোগ হেলায় হারিয়েছে তারা। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার ‘মওকা’ তারা পায়ে ঠেলেছে ভিয়া রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে। তাই বার্নাব্যুতে কাল বার্সেলোনা না খেললেও জিতেছে আসলে তারাই। রিয়ালের কালকের ড্র বার্সেলোনাকে যে নিয়ে এসেছে তাদের খুব কাছে। ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানটা রিয়ালের থাকলেও বার্সেলোনার সঙ্গে তাঁদের ব্যবধান কমে এসেছে দুই-এ। রিয়াল মাদ্রিদের পক্ষে কাল গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিয়া রিয়ালের পক্ষে গোলটি জেরার্ড মেরানোর।
ঘরের মাঠে কাল রিয়ালের শুরুটা ছিল যথেষ্টই জড়তাপূর্ণ। ম্যাচের প্রথম দিকে ভিয়া রিয়ালই বরং চাপে রেখেছিল রিয়াল মাদ্রিদকে। খেলার শুরুতেই দলটি যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারত। কিন্তু এ সময় তাদের তারকা স্ট্রাইকার লুসিয়ানোর অভাব তারা অনুভব করে বেশ ভালোভাবেই। কাল এই লুসিয়ানোকে ছাড়াই সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিল ভিয়া রিয়াল। ১৯ মিনিটে সহজ এক গোলের সুযোগ নষ্ট করেন গ্যারেথ বেল। ২২ মিনিটেও তারা নষ্ট করে আরও একটি সুযোগ। ম্যাচের ৩১ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে গ্যারেথ বেলের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে বেলের শট ভিয়া রিয়ালের গোলপোস্টে লেগে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বাড়িয়ে প্রত্যাশিত গোলটি আদায় করে নেয় রিয়াল। গোলটি অবশ্য আসে পেনাল্টি থেকে। কিন্তু তাতে কি! স্পট কিককে গোলে কোনো বেগই পেতে হয়নি রোনালদোর। পেনাল্টিটিও রিয়াল আদায় করে নিয়েছিল রোনালদোর কল্যাণেই। ৫১ মিনিটে ভিয়া রিয়ালের এরিক বেইলি বক্সের ভেতরে পর্তুগিজ ফরোয়ার্ডকে ফেলে দিলে রেফারি বাজার পেনল্টির বাঁশি।
কালকের গোলে লা লিগায় রোনালদোর গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০-এ। ২৭ গোল করে এই তালিকায় রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি।
৫৫ মিনিটে রোনালদোর একটি দারুণ পাস থেকে আবারও গোল করতে ব্যর্থ হন গ্যারেথ বেল। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় ​ভিয়েতোর পাস থেকে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন মোরেনো। ৭১ মিনিটে রোনালদো পেয়ে যে পারতেন তাঁর ৩১তম গোল। কিন্তু তাঁর হেড দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ভিয়া রিয়ালের গোলরক্ষক।
খেলার শেষ ১৫ মিনিট ছিল দারুণ উপভোগ্য। আক্রমল-পাল্টা আক্রমণে খেলাটি জমে ওঠে দারুণ। ৮৪ মিনিটে ভিয়া রিয়ালের ফাঁকা পোস্টে বল ঠেলতে ব্যর্থ হন হেসে। ৮৫ মিনিটে ভিয়োতোর শট গোললাইন থেকে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সূত্র: এএফপি।