পরবাসেই আপন ভুবন

ছোট্ট ওয়েডবারসন আনসেলমের কাছে ফ্ল্যাটটা যেন স্টেডিয়াম। ফুটবল, পানির বোতল, ক্যান—হাতের কাছে পাওয়া সবকিছুই যেন ফুটবল। সবই লাথি মারার জিনিস। একটু আগে মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল। ফিরে এসেই ঝাঁপিয়ে পড়ল বাবা ওয়েডসন আনসেলমের কোলে। খানিক আদরও ছুঁইয়ে দিল বাবার গালে। ওয়েডবারসনকে দেখে কে বলবে সে হাইতিতে নেই, দূর পরবাসে পড়ে আছে বাবার সঙ্গে!
হাইতিয়ান স্ট্রাইকার ওয়েডসন দুই মৌসুম ধরে খেলছেন বাংলাদেশ পেশাদার লিগে। চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির হয়ে গত মৌসুমে করেছেন ৩১ গোল। লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুটটাও ছিল তাঁরই (২৬ গোল)। ধানমন্ডিতে একসঙ্গে একই ছাদের নিচে থাকেন আরেক স্ট্রাইকার—এমেকা ডার্লিংটন। নাইজেরিয়ান ফুটবলার গত মৌসুমে ২৬ গোল করেছিলেন। এবার এ পর্যন্ত প্রথম পর্ব শেষে ১০ ম্যাচে শেখ জামালের ১৮ গোলের ১২টিই তাঁদের (৬টি করে)।
সনি নর্দে ক্লাব ছেড়ে যাওয়ার পর ওয়েডসন-ডার্লিংটনের যুগলবন্দীই গত মৌসুমে ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন করেছে শেখ জামালকে। এবার মৌসুমের শুরুতেই ভুটানে গিয়ে জিতেছে কিংস কাপ। ফেডারেশন কাপও উঠেছে শেখ জামালের ঘরে। লিগে অন্যদের চেয়ে এগিয়ে শেখ জামাল; তাদের পয়েন্ট ২৩। কেবলই পেছনে থাকা মোহামেডান–আবাহনীর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। এতেও বড় অবদান এই দুজনের।
দুই বিদেশি যেদিন জ্বলে ওঠেন সেদিন শেখ জামালের জয়ের চিন্তাটা কর্পূরের মতো উবে যায়। মাঠে দুজনের রসায়নটা কীভাবে এত চমৎকার মিলেছে? ডার্লিংটনের হাসিমাখা উত্তর, ‘আমরা দুজনই বিদেশি। থাকি একই সঙ্গে এক ফ্ল্যাটে। ও আমার ভাইয়ের মতোই। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। মাঠে ওয়েডসন কী বলতে চায়, তা ওর চোখ দেখে বুঝতে পারি। এ কারণেই হয়তো এই সাফল্য।’

আসার আগে বাংলাদেশ সম্পর্কে ভালোই ধারণা ছিল ওয়েডসনের। হাইতির রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে সেখানে দীর্ঘদিন কাজ করেছে। সেই সূত্রে তখনই বাংলাদেশ সম্পর্কে জানা। বাংলাদেশের মানুষও তখন থেকেই হৃদয়ের একটা জায়গাজুড়ে আছে। দুই মৌসুম আগে বন্ধু সনি নর্দেই প্রথমে প্রস্তাব দিয়েছিলেন। আগেপিছে না ভেবে সোজা ‘হ্যাঁ’ বলেন ওয়েডসন, ‘সনি যখন আমাকে বলল, বাংলাদেশে খেলবি? আমি শুধু বলেছিলাম পারিশ্রমিক কেমন দেবে। ও বলেছিল, মন্দ না। আমি রাজি হয়ে যাই।’ বাংলাদেশে খেলার আগে ওয়েডসন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ফুটবল লিগে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু কাগজপত্রে সমস্যা থাকায় খেলতে পারেননি।
ফুটবলপাগল ওয়েডসন ছোটবেলা থেকেই বড়দের সঙ্গে খেলতেন। স্কুল পালিয়ে কত দিন যে ফুটবল খেলতে গেছেন, ঠিক নেই! বাবা একবার যখন জানতে পারলেন, খুবই ভয় পেয়েছিলেন ওয়েডসন। ভেবেছিলেন প্রচণ্ড বকুনি দেবেন। তবে রাগ নয় বরং বাবাই পরে উৎসাহ জুগিয়েছেন। ‘বাবা না থাকলে হয়তো ফুটবলারই হতে পারতাম না। বাবা প্রচণ্ড ফুটবল ভালোবাসেন’—বাবার কথা বলতে গিয়ে ওয়েডসনের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে।
হাইতির বয়সভিত্তিক দলে এবং প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাননি। তাঁর খেলায় মুগ্ধ হয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম এবং শেখ জামালের কোচ মারুফুল হক নাকি প্রস্তাবও দিয়েছিলেন লাল-সবুজের হয়ে খেলতে। ওয়েডসনের আগ্রহ আছে, ‘ফেডারেশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে অবশ্যই খেলতে রাজি আছি। এই দেশ আর দেশের মানুষকে খুব ভালোবাসি। সুযোগ পেলে পুরো জীবনটাই বাংলাদেশে কাটিয়ে দেব।’
অবসর খুব একটা পান না। তবে যেটুকু পান সময়টা কাটে স্ত্রী বার্থা ও ছেলে ওয়েডবারসনকে নিয়ে। বড়জোর বসুন্ধরা শপিংমল এবং ধানমন্ডি লেকে ঘুরতে যান। সমুদ্রশহর কক্সবাজারেও একবার ঘুরতে গিয়েছিলেন।
ওয়েডসনের মতো এমেকা ডার্লিংটনের বাংলাদেশ নিয়ে আগ্রহই ছিল না। শেখ জামালের সাবেক কোচ যোসেফ আপুসিই তাঁকে বাংলাদেশে আসার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর মাধ্যমেই নাম লেখান শেখ জামাল ধানমন্ডিতে।
নাইজেরিয়ায় মা-বাবা আর স্ত্রীকে রেখে খেলতে খুবই কষ্ট হয়, কিন্তু ফুটবলই যে জীবিকা ডার্লিংটনের, ‘ফুটবলের জন্যই এত দূর খেলতে এসেছি।’ স্ত্রী গ্রেসকে ঢাকায় আনার পরিকল্পনা করছেন, একটা মানসিক অবলম্বন তাহলে পাবেন। টুকটাক গাইতে পারেন। অবসর কাটে গান শুনে আর গান গেয়ে। বাঙালি খাবারে অভ্যস্ত হতে পারেননি দুই বিদেশির কেউই।
দুজনেরই প্রিয় ফুটবলার ব্রাজিলের রোনালদো। দুজনেরই ঘরের দেয়ালভর্তি রোনালদোর ছবি। মাঠে আর মাঠের বাইরে এমন অনেক কিছুতেই মিল আছে দুজনের। দুজনের লক্ষ্যটাও এক—শেখ জামালকে টানা শিরোপা উপহার দেওয়া।